আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে চেলসি থেকে দলে নিতে সম্মত হয়েছে ম্যানচেস্টার সিটি। ২৫ বছর বয়সী এই তারকার জন্য ইংলিশ ক্লাবটি খরচ করছে ১২ কোটি ৫০ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭৪ কোটি টাকার বেশি।
ব্রিটিশ ক্লাব ফুটবলের ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফি। এর আগে ২০২৩ সালে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে বেনফিকা থেকে এনজোকে দলে নিয়েছিল চেলসি। সেটি ছিল তখন ব্রিটিশ ফুটবলের রেকর্ড ট্রান্সফার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার গত ২৪ ঘণ্টা ধরে দুই ক্লাবের মধ্যে আলোচনা চলার পর চুক্তিতে সম্মত হয়েছে তারা। তবে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি। প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা মঙ্গলবার রাতেই শেষ হওয়ার কথা।
চুক্তি সম্পন্ন করতে শিগগিরই মেডিকেল পরীক্ষা দেবেন এনজো। এরপর সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করবেন তিনি। ব্যক্তিগত শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো জটিলতা নেই বলেও জানিয়েছে বিবিসি।
চেলসিতে এনজো মারেস্কার অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে এনজোর। বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে থাকা মারেস্কা তাই পুরোনো শিষ্যকে আবারও দলে পেতে আগ্রহী ছিলেন।
চলতি গ্রীষ্মে সিটির মিডফিল্ডে বড় ধরনের পরিবর্তন এসেছে। দল ছেড়েছেন চার মিডফিল্ডার। টিজানি রাইন্ডার্স ৫ কোটি ২০ লাখ পাউন্ডে সৌদি ক্লাব আল কাদসিয়ায়, রদ্রি ৬ কোটি ৫০ লাখ পাউন্ডে বার্সেলোনায়, নিকো গঞ্জালেজ ৫ কোটি ২০ লাখ পাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডে এবং বার্নার্দো সিলভা ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।
এর আগে এবারের দলবদলে নিজেদের ট্রান্সফার ফির রেকর্ডও ভেঙেছে সিটি। নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে নেয় তারা। এবার এনজোকে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে আনলে সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে।
এনজোর দলবদলের ফি ব্রিটিশ ফুটবলের ইতিহাসে আলেকসান্দার ইসাকের সমান হবে। গত গ্রীষ্মে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে নিউক্যাসল থেকে ইসাককে দলে নিয়েছিল লিভারপুল।
মিডফিল্ডের পাশাপাশি আক্রমণভাগেও পরিবর্তন এনেছে সিটি। ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে উইঙ্গার সাভিনিয়োকে টটেনহ্যাম হটস্পারের কাছে বিক্রি করেছে তারা। এ ছাড়া ফরোয়ার্ড ওমর মারমুশের ধারে খেলার চুক্তি স্থায়ী হলে আগামী বছরের গ্রীষ্মে টটেনহ্যামের কাছ থেকে আরও ৬ কোটি পাউন্ড পাওয়ার সুযোগ রয়েছে ক্লাবটির।
অন্যদিকে, স্কোয়াড শক্তিশালী করতে ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে ১৮ বছর বয়সী মরোক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি এবং ৩ কোটি ৪০ লাখ পাউন্ডে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াসকে দলে নিয়েছে সিটি। উইঙ্গার জেরেমি মঙ্গা ও গোলরক্ষক হেরোনিমো রুলিকেও তুলনামূলক কম খরচে দলে ভিড়িয়েছে তারা।
এভারটনের সেনেগালিজ উইঙ্গার ইলিমান এনদিয়ায়ে সিটিতে যোগ দিলে ক্লাবটির এবারের দলবদল ব্যয় আরও বাড়বে। বিবিসির তথ্য অনুযায়ী, এই দলবদল নিয়েও দুই ক্লাবের মধ্যে চুক্তি হয়েছে। তার জন্য সর্বোচ্চ ৬ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ হতে পারে ম্যানচেস্টার সিটির।
শু/আজা