তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে। কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিন দিনের সরকারি সফরে নিজ সংসদীয় আসন ভোলা-১-এর নতুনবাজারে এক বক্তব্যে এসব কথা বলেন পার্থ।
তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, সরকারে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা রয়েছে। আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।’
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে পার্থ বলেন, ভোলার প্রত্যেক মানুষই এই সেতু চান। এ জন্য সবাই আন্দোলন করছেন এবং সেতু নির্মাণে কাজ চলছে। বিষয়টি সরকার নিজস্ব অবস্থান থেকে দেখছে। একই সঙ্গে মহাসড়কের বিষয়টিও সরকার বিবেচনা করছে। এসব বিষয়ে ভোলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা সবাই ভোলার উন্নয়ন চাই। ভোলা-বরিশাল সেতু নিয়ে সংসদে বক্তব্য দিয়েছি। ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভোলায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ হবে। নদীভাঙন রোধে ৭০০ কোটি টাকা এবং রাস্তা সংস্কারের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’
গত ছয় মাসে এমপি হিসেবে নিজের কর্মকাণ্ড তুলে ধরে বিজেপি চেয়ারম্যান বলেন, ‘আপনারা আমাকে দেখেছেন, এক টাকা দুর্নীতির নামও আপনারা শোনেননি। কোনো মিথ্যা মামলা, হয়রানি বা চাঁদাবাজি হয়নি।’
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ আমি এতটুকু কথা দিই, কোনো চোর-সন্ত্রাসী আমার দলের না। আমার দল ব্যবহার করে কেউ যদি ডাকাতি করে, সন্ত্রাসী করে, চুরি করে তাহলে আমার একটাই কথা—কোনো সন্ত্রাসী, কমিশন, এগুলো আমার রক্তে ও বংশে নাই।’
পার্থ বলেন, ভোলার মানুষ তাঁর পাশে ছিলেন এবং আল্লাহর ইচ্ছায় তিনি সংসদ সদস্য হয়েছেন।
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল নদীবন্দরে যান তথ্যমন্ত্রী। পরে সেখান থেকে স্পিডবোটে দুপুরে ভোলা সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছান তিনি।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলম, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শু/আজা