চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্যকে ঘিরে কয়েকদিন ধরে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন পপি।
অভিনেত্রী জানিয়েছেন, তার বক্তব্যের সঙ্গে সিনেমা ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। ভালো গল্প পেলে ভবিষ্যতে সিনেমা প্রযোজনার পাশাপাশি সময়-সুযোগ হলে অভিনয়ও করবেন তিনি।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনলাইনে পপির গত বছরের একটি সাক্ষাৎকারের অংশবিশেষ ফটোকার্ড আকারে প্রকাশ করা হয়। সেখানে পপিকে বলতে শোনা যায়, ‘যতটুকু পাপ কামাইছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয় দিন বাঁচব, হেদায়েতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’
এই বক্তব্য প্রকাশের পর অনেকেই ধারণা করেন, চলচ্চিত্রে অভিনয়কে ‘পাপ’ হিসেবে দেখছেন পপি এবং সে কারণেই অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিষয়টি নিয়ে অভিনেতা বাপ্পারাজও মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও পপিকে নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা।
এ নিয়ে পপি বলেন, ‘আমি কিন্তু আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না? আমরা তো জেনে না জেনে পাপ করি, সেসব পাপের জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না? আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি স্বামী-সংসার নিয়ে ভালো থাকতে পারি, সেটা তো অন্যায় কিছু নয়।’
সিনেমার প্রতি তার ভালোবাসা এখনো অটুট রয়েছে জানিয়ে পপি বলেন, যে সিনেমা তাকে যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে, সেই সিনেমা নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই আসে না।
তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রকে এখনো অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। এখনো অবসর নিইনি। যদি কোনো গল্প ভালো লাগে, অভিনয় করতেও পারি। ইচ্ছা আছে নিজের বায়োগ্রাফিতে অভিনয় করার। তবে অভিনয়ে ফিরি বা না ফিরি, প্রযোজনা করার খুব ইচ্ছা আছে।’
বর্তমানে স্বামী-সংসার নিয়ে ভালো আছেন জানিয়ে পপি বলেন, ‘জীবনের প্রয়োজনে সিনেমা থেকে সরে এসেছি। আমার স্বামী আদনান আমাকে ভীষণভাবে আগলে রাখে। একমাত্র ছেলে আয়াতকে নিয়ে সময় কেটে যায়। সবার দোয়ায় আমাদের সুখের সংসার।’
পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আরও কয়েকটি সিনেমার শুটিং শুরু করলেও শেষ পর্যন্ত সেগুলোতে আর সময় দিতে পারেননি তিনি।