বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী বর্ণাঢ্য পর্যটন কার্নিভাল। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে টানা তিন মাস চলবে এ আয়োজন। পর্যটকদের জন্য বিনোদনের নতুন অভিজ্ঞতা সৃষ্টি, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচিতি বৃদ্ধি এবং উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে এ কার্নিভালের আয়োজন করা হচ্ছে।
‘এ নিউ ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ (A New Wave of Experience) স্লোগানে কক্সবাজারের হোটেল শৈবালের উন্মুক্ত বীচ ভিউ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ উৎসব।বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়নে আয়োজনটি সাজানো হচ্ছে।
স্পেলবাউন্ড কমিউনিকেশনস এর সিইউ,
মো সাদেকুল আরেফীন বলেন, আমরা জোর চেষ্টা করছি দ্রুত মেলা উম্মুক্ত করার জন্য। বিদ্যুৎ এবং স্টলের কিছুটা কাজ বাকী আছে। আমরা চেষ্টা করছি যথা সময়ে কাজ শেষ করে ১৫ নভেম্বর থেকে মেলা প্রাঙ্গন দর্শনার্থীদের জন্য অনানুষ্ঠানিক উম্মুক্ত করা হবে। ১৯ নভেম্বর জমকালো আয়োজনে শুভ উদ্বোধন করা কথা রয়েছে।
তিন মাসব্যাপী এ কার্নিভালকে ঘিরে পর্যটকদের জন্য তৈরি হবে উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা, ব্যবসায়ী ও উৎপাদকদের নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে নতুন বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে। কার্নিভালে খাদ্যপণ্য, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, কারুশিল্পসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্যের পসরা সাজানোর সুযোগ থাকছে। সারা দেশ থেকে আসা পর্যটকদের সামনে নিজেদের পণ্য তুলে ধরে ব্যবসার প্রসার ঘটাতে পারবেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা। এতে দেশীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও উপকৃত হতে পারেন।
কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও আকর্ষণীয় করে তোলা এবং পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পর্যটন, সংস্কৃতি, বিনোদন ও বাণিজ্যের সমন্বয়ে কার্নিভালটি পর্যটক ও ব্যবসায়ীদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘ তিন মাসের এ আয়োজনে অংশ নিয়ে নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে ব্যবসার প্রসারে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে উদ্যোক্তাদের প্রতি। কার্নিভালকে কেন্দ্র করে কক্সবাজারে পর্যটন মৌসুমের শুরুতেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।