২-১ গোলে জিতে ১৪তমবার শিরোপার লড়াইয়ে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন; প্রথমবারের মতো টুর্নামেন্টে ব্যবহৃত হলো ভিএআর
শুরুতে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল ভারত। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে ব্যবহৃত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির দুটি সিদ্ধান্তও যায় ভুটানের পক্ষে। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারতকে থামাতে পারেনি তারা। ভুটানকে ২-১ গোলে হারিয়ে ১৪তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত।
শনিবার রাজধানীর পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে জয় পায় ভারত। ২০১৮ সালের আসর ছাড়া প্রতিবারই সাফের ফাইনালে খেলেছে দলটি। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামা ভুটানকে এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। লুঙ্গদিমের ফ্রি-কিক থেকে আসা বলে প্রথম স্পর্শেই নিয়ন্ত্রণ নেন বিষ্ণু পুথিয়াল। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন তিনি।
২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। কর্নারের পর বক্সের ভেতর তৈরি হওয়া জটলার মধ্যে থেকে আলতো টোকায় বল জালে পাঠান কনশ্যাম সিং। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় শিরোপাধারীরা।
বিরতির পর দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। ৪৮তম মিনিটে অধিনায়ক চেনচো গাইয়েলতসেনের পাস থেকে হেডে গোল করেন কিনজ্যাং তাশি টবডেন। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআর পর্যালোচনায় দেখা যায়, তিনি অফসাইডে ছিলেন না। ফলে গোলের সিদ্ধান্ত বহাল থাকে। ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় ভুটান।
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহৃত ভিএআর প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে ৬৫তম মিনিটে। বক্সের মধ্যে হ্যান্ডবলের অভিযোগে ভারতকে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, হ্যান্ডবল হয়নি। পরে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়।
ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভুটান। যোগ করা সময়ে সতীর্থের ক্রস থেকে দেইচং দর্জির হেড পাস পেয়ে দূরের পোস্টে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন কিমজ্যাং তেনজিং। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে হেড করতে ব্যর্থ হন তিনি। ফলে ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হয় ভুটানের। কিছুক্ষণ পরই শেষ বাঁশি বাজান রেফারি।
এ জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। দ্বিতীয় সেমিফাইনালে শনিবার রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে ওই লড়াইয়ের বিজয়ী দলের বিপক্ষে মাঠে নামবে ভারত।