শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর

শ্রমিকেরা কাজে যোগ না দিলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ করতে পারবেন মালিকরা

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর; শনিবার ১৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, শ্রমিক প্রায় ৩ লাখ

শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে পারবেন মালিকেরা। শ্রমিক অসন্তোষে উৎপাদন কার্যক্রম চালাতে না পারার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা এ ঘোষণা দেন। এর আগে চলমান পরিস্থিতি পর্যালোচনায় পোশাকশিল্পের মালিকদের জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি পোশাকশিল্প। কিন্তু নিম্নতম মজুরি নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল এ খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তাঁরা মনে করছেন। এর প্রভাবে বিশেষ করে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু কারখানায় গত সাত থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। তবে কিছু শ্রমিক বাইরের মহলের উসকানি ও প্ররোচনায় কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে মালিকপক্ষের অভিযোগ। তাঁরা নিজেরা কাজ করছেন না, অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এতে কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অনেক শ্রমিক কাজ বন্ধ করে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

বিজিএমইএ সভাপতির অভিযোগ, কারখানা থেকে বেরিয়ে কিছু শ্রমিক দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইট-পাটকেলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করছেন। অন্য কারখানার শ্রমিকদেরও জোর করে বাইরে বের করে আনার চেষ্টা করছেন। এতে শিল্পাঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মাহমুদ হাসান খান জানান, এ পরিস্থিতিতে বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা শনিবার পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে পারেনি। এসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় তিন লাখ। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী শনিবারই ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকে কতটি কারখানা এ ধারায় বন্ধ থাকবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। তাঁর ভাষ্য, প্রতিদিন একই কারখানায় অসন্তোষ দেখা যায় না বলে বন্ধ কারখানার সংখ্যা পরিবর্তিত হতে পারে।

বিজিএমইএ সভাপতি বলেন, চলমান পরিস্থিতিতে পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জাতীয় অর্থনীতি ক্ষতির মুখে পড়ছে। এমনকি নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা নিম্নতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। গণমাধ্যমের খবরে তাঁরা জানতে পেরেছেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিও চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাঁদের বা কোনো শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।

সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর হয়নি বলেও মন্তব্য করেন মাহমুদ হাসান খান। তিনি বলেন, মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে বলে মালিকদের মত। তিনি জানান, সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে শ্রম অসন্তোষের মধ্যে উৎপাদন চালাতে ব্যর্থ হওয়া কারখানাগুলো ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকেরা।

মাহমুদ হাসান খান বলেন, আশুলিয়া ও সাভারের পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এসব শিল্পপ্রতিষ্ঠান রক্ষা এবং এর সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।

এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং আইনের যথাযথ প্রয়োগে কঠোর ও কার্যকর ভূমিকা পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। একই সঙ্গে সংকট উত্তরণে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে বেআইনি ধর্মঘটের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হলে মালিকপক্ষ নির্দিষ্ট শর্তে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে পারে। এ ধারায় কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকদের মজুরি না পাওয়ার বিধান রয়েছে। শ্রম আইনের এ বিধানকে সাধারণভাবে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা এ ধারায় বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। শনিবারের সংবাদ সম্মেলনে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংগঠন দুটির নেতারা উপস্থিত ছিলেন।

১

এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল

২

বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের

৩

অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি

৪

অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী

৫

নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা জরুরি

৬

ভবিষ্যতের ‘আমি’র সঙ্গে কথা বলুন, বদলে যেতে পারে বর্তমান

৭

ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

৮

আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাক্রোঁর আলিঙ্গনের ছবি ঘিরে আলোচনা

৯

শ্রমিকেরা কাজে যোগ না দিলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ করতে পারবেন মালিকরা

১০

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

১১

বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই

১২

১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল

১৩

ইনানীতে এখনো জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে মাঠে বাপেক্স

১৪

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতিতে ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক দম্পতি গ্রেফতার

১৫

সোনারগাঁয়ে মোবাইল চুরির মিথ্যা অপবাদে গরম পানিতে ঝলসে দেয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }