এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, অনলাইনে চলবে আবেদন

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

আসন্ন শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের বছরের মতো এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় এবারও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগের নিয়ম অনুযায়ী ফল বা নম্বরের ভিত্তিতেই ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব রেখে নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, “গতবারের মতো এবারও ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম রাখা হয়েছে। সেই অনুযায়ী নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

এদিকে আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রকাশ করা হবে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত