বন্যাদুর্গত তিন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বন্যাকবলিত চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুতি শুরু করেছে। পাশাপাশি ক্ষমতাসীন দল বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এছাড়া সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারের জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘর ক্ষতিগ্রস্তদের কাছে হস্তান্তর করবেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, পুনর্বাসন কর্মসূচির আওতায় নির্মিত ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। পাশাপাশি তিনি দুর্গত এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন।

সফর উপলক্ষে সম্ভাব্য অবতরণস্থলে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পশ্চিম বাঁশখালী এলাকা পরিদর্শন করবেন। সেখানে ত্রাণ বিতরণের পাশাপাশি সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি বাড়ি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে দলীয় প্রস্তুতিও শুরু হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, সফর উপলক্ষে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে তাকে এবং কমিটির সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। স্থানীয় নেতাকর্মীদের সফর সফল করতে এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রশাসনের প্রাথমিক প্রস্তুতি চলছে। সরকারের উচ্চপর্যায় থেকে চূড়ান্ত কর্মসূচি পাওয়ার পর সেই অনুযায়ী সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হবে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত