দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যায় এবং পুলিশের কোনো যানবাহন যেন অরক্ষিত অবস্থায় না থাকে—এ বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে যেন দায়িত্ব পালনের সময় কোনো পুলিশি যানবাহন অরক্ষিত অবস্থায় না থাকে। পুরো টিম একসঙ্গে চা খেতে যাবে না এবং সবাই একসঙ্গে গাড়ি রেখে বিশ্রামেও যাবে না। অন্তত একজন সদস্যকে সবসময় গাড়ির কাছে থাকতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি স্বাভাবিক নিরাপত্তাব্যবস্থা। বিষয়টিকে অন্যভাবে দেখার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক রয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু ও পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচে বোমাসদৃশ বস্তু এবং আশুলিয়ায় পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রথযাত্রার নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে উল্টো রথযাত্রার দিন মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় কোনো পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগের তুলনায় উগ্রবাদী তৎপরতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ঘটনা কমেছে। এ ধরনের বিষয় যারা পর্যবেক্ষণ করেন, তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন।
আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে তার মনে হয় না। দলটি নিষিদ্ধ ঘোষিত এবং বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু বক্তব্য দেওয়া ছাড়া তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার বিষয়ে তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
শু/আজা