জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ার পর মালিকদের প্রস্তাব; আন্তঃজেলা বাসে ভাড়া হবে ২ টাকা ৪৩ পয়সা, নগরে ২ টাকা ৭৩ পয়সা
জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন বলেন, তাঁদের প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হবে।
আহমেদ খোকন বলেন, ‘জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছি আমরা। সে হিসাবে লিটারে ২০ টাকা বাড়লে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে।’
তিনি জানান, বাস মালিকদের প্রস্তাব বিআরটিএর কাছে দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ প্রস্তাবটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কাছে পাঠাবে। সোমবার অথবা মঙ্গলবার ভাড়ার বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে বলেও জানান তিনি।
এর আগে রোববার চার ধরনের প্রধান জ্বালানি পণ্যের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা হয়েছে। নতুন দাম রোববার রাত থেকেই কার্যকর হয়েছে।
জ্বালানির দাম বাড়ার পর পরিবহন খাতের ব্যয় বেড়ে যাওয়ার কথা জানিয়ে বাস মালিকেরা ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছেন। তবে নতুন ভাড়া কার্যকর করতে সরকারের প্রজ্ঞাপন জারি এবং বিআরটিএর অনুমোদন প্রয়োজন হবে।