আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন

শেরপুর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

শিল্প আসলে কী? শিল্পীই বা কে? সাধারণ মানুষের কাছে শিল্প কেন অনেক সময় দুর্বোধ্য, দূরের কোনো পৃথিবী? শিল্পকর্ম কি কেবল গ্যালারির দেয়ালে প্রদর্শিত হবে, আর ধনাঢ্য সংগ্রাহকদের বসার ঘরে শোভা পাবে? নাকি সাধারণ মানুষও এর রস আস্বাদন করতে পারবেন নিজের মতো করে? একটি শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে তার অর্থ খুঁজে নেবেন নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি দিয়ে?

শিল্পের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে এমন অনেক প্রশ্নই মনে আসে। আর্ট ঢাকা ২০২৬ আমাকে নতুন করে সেসব প্রশ্নের মুখোমুখি করেছে। আমি শিল্পের মানুষ নই। তবে শিল্প, নকশা, ঐতিহ্য ও সৃজনশীলতার নানা দিক নিয়ে দীর্ঘদিন কাজ করার সুবাদে এ বিষয়ে আগ্রহ আছে। কিন্তু আর্ট ঢাকা আমাকে যে অভিজ্ঞতা দিয়েছে, তা কেবল শিল্পকর্ম দেখার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং শিল্পের একটি আয়োজন যে এতটা প্রাণবন্ত, বহুমাত্রিক এবং মানুষের আগ্রহের কেন্দ্র হয়ে উঠতে পারে, সেটি নতুন করে উপলব্ধি করেছি।

গত ৬ থেকে ১০ নভেম্বর ঢাকার আলোকিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক আর্ট ফেয়ার ‘আর্ট ঢাকা ২০২৬’। ‘আর্ট ফর অল’ স্লোগান নিয়ে আয়োজিত এই উদ্যোগে আধুনিক ও সমকালীন শিল্প, ঐতিহ্য, স্থাপনা, ছাপচিত্র, পারফরম্যান্সসহ শিল্পের নানা মাধ্যম ও অভিজ্ঞতা একই পরিসরে জায়গা পেয়েছে। তবে আয়োজনটির গুরুত্ব শুধু এতটুকুতে নয়। শিল্পের সঙ্গে মানুষের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার একটি প্রচেষ্টাও ছিল এতে।

আর্ট ঢাকার শেষ দিন দুপুরের দিকে সেখানে গিয়েছিলাম। পার্কিং এলাকায় পাহাড়পুরের স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি একটি স্থাপনার সামনে একজন বয়স্ক ভদ্রমহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি স্থাপনাটি ঘুরে ঘুরে দেখছিলেন, ছবি তুলছিলেন। নিজের ছবিও তুললেন। তাঁর এই আগ্রহ আমার ভালো লেগেছিল। বের হওয়ার সময় আবার একই স্থাপনার সামনে আরেকজন বয়স্ক ভদ্রমহিলাকে দেখলাম। তিনিও দাঁড়িয়ে দেখছেন, ছবি তুলছেন। দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। একজনকে দেখেছি প্রবেশের সময়, অন্যজনকে বের হওয়ার পথে। কিন্তু দুটি দৃশ্যের মধ্যে কেমন যেন একটি যোগসূত্র তৈরি হয়ে গেল। মনে হলো, একটি বৃত্ত যেন সম্পূর্ণ হলো।

তাঁদের শিল্পের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে কি না, তা আমার জানা নেই। কিন্তু একটি স্থাপনা তাঁদের থামিয়েছে, কৌতূহলী করেছে। হয়তো এর নির্মাণশৈলী, হয়তো এর পরিচিত কোনো সাংস্কৃতিক অনুষঙ্গ, কিংবা নিছক নান্দনিকতা তাঁদের আকর্ষণ করেছে। কারণ যা-ই হোক, তাঁরা দেখেছেন, সময় দিয়েছেন, নিজের মতো করে মুহূর্তটি ধারণ করেছেন।

আমার কাছে এই ছোট্ট অভিজ্ঞতাটিই আর্ট ঢাকার অন্যতম সার্থকতা। শিল্পের সবকিছু বুঝতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। কখনো শুধু দেখাও অনুভবের সূচনা করতে পারে। একটি শিল্পকর্মের সঙ্গে দর্শকের সম্পর্ক তৈরি হতে পারে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই।

একটি শিল্প–আয়োজনের সার্থকতা অনেকটাই নির্ভর করে তার কিউরেশনের ওপর। শিল্পকর্ম নির্বাচন, বিন্যাস, উপস্থাপনা এবং দর্শককে এক প্রদর্শনী থেকে অন্য প্রদর্শনীতে নিয়ে যাওয়ার মধ্যে যে ভাবনার ধারাবাহিকতা তৈরি হয়, সেটিই একটি আয়োজনকে আলাদা করে তোলে।

আর্ট ঢাকার অন্যতম ভালো লাগার জায়গা ছিল এর কিউরেশনের বিন্যাস। ‘ন্যারেশন. থট. ক্রনিকলস’ এবং ‘দ্য স্টিল পয়েন্ট’—দুটি পৃথক ভাবনার প্রদর্শনী দর্শককে শিল্পের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি করেছে। জিহান করিমের কিউরেশনে ‘ন্যারেশন. থট. ক্রনিকলস’ ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি ও ইতিহাসের নানা স্তরকে সামনে এনেছে। অন্যদিকে নাজমুন নাহার কেয়ার কিউরেশনে ‘দ্য স্টিল পয়েন্ট’ দীর্ঘদিনের শিল্পচর্চায় নিবেদিত শিল্পীদের কাজের মধ্য দিয়ে সময়, অভিজ্ঞতা ও শিল্পভাষার এক ভিন্ন পাঠ তৈরি করেছে।

তবে আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য মনে হয়েছে মুস্তাফা জামানের কিউরেশনে ‘লিপিং অ্যাক্রস টাইম’। বাংলাদেশের আধুনিক শিল্পের বিবর্তনকে একসঙ্গে দেখার সুযোগ তৈরি করেছে এই প্রদর্শনী। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১৯৪৩ সালের দুর্ভিক্ষের রেখাচিত্র থেকে নভেরা আহমেদের ভাস্কর্য, পরবর্তী প্রজন্মের শিল্পী এবং সত্তর ও আশির দশকে নারী শিল্পীদের উত্থান—সব মিলিয়ে বাংলাদেশের শিল্পের একটি দীর্ঘ যাত্রা এখানে উঠে এসেছে।

বিভিন্ন সময়ের শিল্পীদের কাজ পাশাপাশি দেখার মধ্য দিয়ে বাংলাদেশের আধুনিক শিল্পের বিবর্তনকে একটি ধারাবাহিক যাত্রা হিসেবে উপলব্ধি করা যায়। সময়ের সঙ্গে শিল্পের বিষয়বস্তু, প্রকাশভঙ্গি ও মাধ্যম বদলেছে; প্রতিটি প্রজন্ম নিজের সময়, সমাজ ও অভিজ্ঞতাকে ধারণ করে তৈরি করেছে নিজস্ব শিল্পভাষা। এই পরিবর্তনের পাশাপাশি শিল্পচর্চার ধারাবাহিকতাও চোখে পড়ে। আমার কাছে এই প্রদর্শনীর একটি বড় প্রাপ্তি ছিল সেই যাত্রাকে একসঙ্গে দেখার সুযোগ।

জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, শাহাবুদ্দিন আহমেদ ও মনিরুল ইসলামের মতো শিল্পীদের কাজের সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বইয়ের পাতায় শিল্পের ইতিহাস পড়া আর শিল্পীর মূল কাজের সামনে দাঁড়িয়ে তার রেখা, রং ও অভিব্যক্তি অনুভব করার মধ্যে পার্থক্য আছে। বিশেষ করে নতুন প্রজন্মের দর্শকদের জন্য এমন প্রদর্শনী শিল্পের ইতিহাসের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে।

বরেণ্য শিল্পীদের কাজের বিন্যাস ও উপস্থাপনা এতটাই নান্দনিক যে, পুরো দেয়ালটাই যেন হয়ে উঠেছে আরেকটি ক্যানভাস।

একটি ভালো কিউরেশন দর্শককে শুধু শিল্পকর্ম দেখায় না, দেখার একটি নতুন চোখও তৈরি করে দেয়। আর্ট ঢাকায় সেই প্রয়াস অনুভব করেছি।

নানা শিল্পকর্ম দেখতে দেখতে কিছুটা সময়ের জন্য যেন বাইরের পৃথিবীকে ভুলে গিয়েছিলাম। বুঝি বা না বুঝি, ঘুরে ঘুরে দেখার মধ্যে বুঁদ হয়ে ছিলাম। কখনো কোনো শিল্পকর্মের সামনে দাঁড়িয়েছি, কখনো অন্য কোনো উপস্থাপনা আমাকে টেনে নিয়ে গেছে। একসময় মনে হয়েছে, এও একধরনের কথোপকথন—প্রদর্শনীর সঙ্গে দর্শকের, শিল্পীর সঙ্গে আমার। শিল্পী হয়তো তাঁর ভাবনা প্রকাশ করেছেন নিজের মতো করে, আর আমি তার মধ্যে খুঁজে নিচ্ছি আমার উপলব্ধি।

ঋতুপর্ণা সাহার ‘দ্য ল্যান্ড উইদিন’ সিরিজের কাজগুলো আমাকে বিশেষভাবে টেনেছে। আপসাইকেল্ড টেক্সটাইল ও প্রাকৃতিক রঙে রাঙানো কাপড় ব্যবহার করেছেন তিনি। সেলাইয়ের সঙ্গে ফ্যাব্রিক ম্যানিপুলেশনের প্রয়োগে কাজগুলো পেয়েছে নিজস্ব প্রকাশভঙ্গি। উপকরণ ও নির্মাণপ্রক্রিয়ার এই ব্যবহার আমাকে ভাবিয়েছে। মুজাহিদ মুসার ‘আনসার্টেন বিলংগিংস’ ও ‘দ্য এলসহোয়ার উইদিন’, রিপন সাহার কাজ ও সাদাতউদ্দিন আহমেদ এমিলের কাজসহ আরও অনেক শিল্পীর কাজ আমাকে দীর্ঘ সময় আটকে রেখেছে। সিনিয়রদের মধ্যে তৈয়বা বেগম লিপির কাজও চিন্তার খোরাক যোগায়।

ভাবতে ভালো লেগেছে, আমাদের নানা প্রজন্মের শিল্পীরা কত বিচিত্রভাবে ভাবছেন! কত নতুন উপকরণ ও নির্মাণকৌশল ব্যবহার করে শিল্পের প্রচলিত ভাষাকে বদলে দিচ্ছেন, প্রসারিত করছেন আমাদের বোধের জগৎ।

আর্ট ঢাকার আরেকটি দিক আমাকে বিশেষভাবে ভাবিয়েছে। সেটি হলো শিল্পের সঙ্গে আমাদের ঐতিহ্য ও কারুশিল্পের সম্পর্ক।

স্থপতি রাশেদ চৌধুরীর নকশায় তৈরি ‘দ্য প্যাভিলিয়ন’ এ ক্ষেত্রে উল্লেখ করার মতো। প্রচলিত সাদা দেয়ালের গ্যালারির ধারণা থেকে বেরিয়ে এসে এখানে বাংলাদেশের স্থাপত্য ও উপকরণের ঐতিহ্যকে ব্যবহার করা হয়েছে। ইট, পাহাড়পুরের স্থাপত্য, মাটির চুলা এবং জামদানি নকশার অনুপ্রেরণা মিলিয়ে তৈরি হয়েছে একটি অস্থায়ী কাঠামো। আয়োজন শেষে এটি খুলে ফেলা এবং উপকরণ পুনর্ব্যবহারের পরিকল্পনাও ছিল।

এই উপস্থাপনা একটি বৃহত্তর ভাবনার সুযোগ তৈরি করে। শিল্প ও কারুশিল্পকে আমরা অনেক সময় আলাদা দুটি জগৎ হিসেবে দেখি। অথচ দুটির মধ্যেই রয়েছে সৃজনশীলতা, নান্দনিকতা, উপকরণের ব্যবহার এবং নিজস্ব প্রকাশভঙ্গি। একজন শিল্পী ক্যানভাস, রং কিংবা ভাস্কর্যের উপকরণ দিয়ে যেমন নিজের ভাবনা প্রকাশ করেন, একজন কারুশিল্পীও মাটি, সুতা, কাঠ কিংবা ধাতু দিয়ে তৈরি করেন নিজস্ব শিল্পভাষা।

কারুশিল্পীর দক্ষতা ও জ্ঞানকে শুধু উৎপাদনকৌশলের মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই। এর প্রতিটি নকশা, বুনন ও নির্মাণপ্রক্রিয়ার মধ্যে রয়েছে শিল্পবোধ, সৃজনশীলতা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতায় গড়ে ওঠা জ্ঞান।

একটি জামদানি শাড়ির মোটিফ, নকশা ও বুননের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে, মৃৎশিল্পীর হাতে মাটির যে রূপান্তর ঘটে, সেগুলোও আমাদের নান্দনিক ঐতিহ্যের অংশ। আর্ট ঢাকার প্যাভিলিয়নে ঐতিহ্যবাহী উপকরণ ও নকশার এই সমকালীন ব্যবহার সেই সম্পর্ক নতুন করে ভাবার সুযোগ দিয়েছে।

স্থাপত্যের এই শিল্পভাষায় আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল মেরিনা তাবাসসুম আর্কিটেক্টসের ‘দ্য আদার সাইড অব দ্য ওয়াল’ ইনস্টলেশন। ঢাকার ফুটপাত ঘেঁষে থাকা সীমানাপ্রাচীরকে কেন্দ্র করে তৈরি এই কাজ নগরের জনপরিসর নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে। যেসব দেয়াল ব্যক্তিগত সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করে, সেগুলো কীভাবে পথচারী ও হকারদের জন্য নগরজীবনকে আরও প্রতিকূল করে তোলে, সেই প্রশ্ন সামনে এনেছে ইনস্টলেশনটি। নগর পরিকল্পনায় মানুষের প্রয়োজন ও অন্তর্ভুক্তির বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে, তা নিয়েও ভাবনার অবকাশ তৈরি করেছে।

অন্যদিকে ‘প্রতিবেশ’ স্থাপনাটি নগরায়ণের ফলে প্রান্তিক হয়ে পড়া মৃৎশিল্পী ও তাঁদের পেশার সংকট তুলে ধরেছে। দুটি কাজই মনে করিয়ে দেয়, নগরের উন্নয়ন কেবল অবকাঠামোর পরিবর্তন নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, জীবিকা ও বসবাসের অধিকার।

আমার মনে হয়, ভবিষ্যতে শিল্প ও কারুশিল্পের মধ্যে আরও নিবিড় সংযোগ তৈরির সুযোগ রয়েছে। শিল্পের পরিসরে কারুশিল্পের সৃজনশীলতা এবং কারুশিল্পের পরিসরে সমকালীন শিল্পের নতুন ভাষা—দুইয়ের মধ্যে আদান-প্রদান আমাদের সাংস্কৃতিক পরিচয়কে আরও সমৃদ্ধ করতে পারে।

আর্ট ঢাকায় ঘুরতে ঘুরতে মনে হয়েছে, শিল্পের ভাষা কোনো একটি মাধ্যমে আটকে নেই। চিত্রকলা, ভাস্কর্য, ছাপচিত্র, স্থাপনা কিংবা মিশ্র মাধ্যম—প্রতিটি ক্ষেত্রেই শিল্পীরা নিজেদের ভাবনা প্রকাশের নতুন পথ খুঁজছেন।

ফারেহা জেবার কিউরেশনে ‘দ্য আর্ট অব অ্যাকসেস’ শিরোনামের প্রিন্ট প্যাভিলিয়ন ছিল আয়োজনটির একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বিভিন্ন প্রজন্মের ১০০ শিল্পীর ১৭০টি কাজ এখানে উপস্থাপিত হয়েছে। পাঁচ হাজার টাকা থেকে শুরু হওয়া এসব ছাপচিত্র নতুন সংগ্রাহকদের জন্য শিল্পকর্ম কেনার তুলনামূলকভাবে সহজ সুযোগ তৈরি করেছে। ‘মেক প্লেট, টেক প্রিন্ট’ অংশে দর্শকেরা নিজেরা ছবি এঁকে তা ছাপানোর অভিজ্ঞতাও পেয়েছেন।

এখানে শিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে—শিল্পকর্ম সংগ্রহের সুযোগ যেন শুধু প্রতিষ্ঠিত বা উচ্চবিত্ত সংগ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং নতুন সংগ্রাহক তৈরির পথও তৈরি হয়।

অন্যদিকে সমকালীন শিল্পীদের কাজে উঠে এসেছে প্রকৃতি, পরিবেশ, মানবদেহ, পরিচয়, ব্যক্তিগত স্মৃতি, ক্ষমতা ও নাগরিক জীবনের নানা সংকট। এসব কাজ শুধু নান্দনিকতার জায়গায় থেমে নেই। বরং সময় ও সমাজের সঙ্গে শিল্পীদের ভাবনার সম্পর্কও প্রকাশ করছে।

আয়োজনটির স্লোগান ‘আর্ট ফর অল’। কিন্তু শিল্পকে সবার কাছে পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষা বাস্তবে কতটা পূরণ হয়েছে, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ।

কর্মদিবসে ৩৫০ টাকা এবং ছুটির দিনে ৫০০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছিল। শিক্ষার্থীদের জন্য কর্মদিবসে বিশেষ প্রবেশমূল্য ছিল। তবু শিল্পের সঙ্গে নতুন করে পরিচিত হতে চাওয়া শিক্ষার্থী কিংবা সাধারণ দর্শকের জন্য এই ব্যয় কতটা সহজলভ্য, তা ভাবার অবকাশ রয়েছে।

বস্তুত শিল্পকে সবার কাছে পৌঁছে দেওয়ার অর্থ শুধু প্রদর্শনীর দরজা খুলে দেওয়া নয়; শিল্পের সঙ্গে মানুষের দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরির সুযোগ করে দেওয়া।

একইভাবে প্রতিষ্ঠিত শিল্পী ও গ্যালারির পাশাপাশি ঢাকার বাইরের শিল্পী, স্বশিক্ষিত শিল্পী এবং অপেক্ষাকৃত কম পরিচিত সৃজনশীল মানুষদের জন্য আরও বেশি জায়গা তৈরি করা প্রয়োজন। শিল্পকর্মের বাজার গড়ে তোলার পাশাপাশি নতুন সংগ্রাহক তৈরি, শিল্পশিক্ষার প্রসার এবং শিল্পের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোও জরুরি। আশা করা যায়, ভবিষ্যৎ আয়োজনে আয়োজকেরা এসব বিষয় বিবেচনায় নেবেন।

শিল্প দেখতে হলে দর্শকেরও কিছু প্রস্তুতি প্রয়োজন। একটি কাজের সামনে দাঁড়িয়ে তাকে সময় দেওয়া, মনোযোগ দিয়ে দেখা এবং নিজের মতো করে ভাবার অভ্যাস তৈরি করতে হয়। ছবি তোলা বা সেলফি তোলার প্রবণতা যেন অন্য দর্শকের অভিজ্ঞতাকে ব্যাহত না করে, সেদিকেও খেয়াল রাখা দরকার। নতুন প্রজন্মের মধ্যে শিল্পকর্ম দেখার এই সংস্কৃতি তৈরি হওয়া প্রয়োজন।

শিল্প কেবল চোখের আরাম কিংবা বুদ্ধিবৃত্তিক চর্চার বিষয় নয়; আমাদের ভালো থাকারও একটি অনুষঙ্গ হতে পারে। এমন একটি আয়োজনে এলে মন ফুরফুরে হয়, হৃদয় ভরে ওঠে, দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মেলে কিছুটা সতেজতা। প্রতিটি প্রদর্শনী আমাদের নিস্তরঙ্গ জীবনে নতুন তরঙ্গ তৈরি করতে পারে। কখনো আনন্দ দিয়ে, কখনো প্রশ্ন জাগিয়ে, কখনো নতুন কিছু দেখার অভিজ্ঞতায়। শিল্প এভাবেও আমাদের ভালো রাখে, কখনো কখনো নিরাময়েরও অনুষঙ্গ হয়ে ওঠে।

আয়োজকদের প্রকাশিত হিসাব অনুযায়ী, পাঁচ দিনে সাত হাজারের বেশি দর্শনার্থী আর্ট ঢাকা ঘুরে দেখেছেন। অংশ নিয়েছেন ১৩০ জনের বেশি শিল্পী। প্রথম আয়োজন হিসেবে এই সাড়া নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। তবে একটি আর্ট ফেয়ারের সাফল্য শুধু দর্শকসংখ্যা কিংবা শিল্পকর্ম বিক্রির পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। শিল্পীদের জন্য দীর্ঘমেয়াদি বাজার তৈরি, নতুন সংগ্রাহক গড়ে তোলা, শিল্পশিক্ষার প্রসার এবং শিল্পচর্চার পরিসর বিস্তৃত করার মধ্য দিয়েই এর প্রকৃত সার্থকতা নির্ধারিত হবে।

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন, কর্মশালা, অংশগ্রহণমূলক কার্যক্রম এবং প্রদর্শনীর সময় ও পরিসর বাড়ানোর বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করা যেতে পারে। শিল্পের সঙ্গে মানুষের পরিচয় একবারের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত যোগাযোগের সুযোগ তৈরি করা জরুরি।

শেষ পর্যন্ত আমার মনে হয়, শিল্পের সবচেয়ে বড় শক্তি হলো মানুষকে থামাতে পারা। কখনো একটি রেখা, কখনো একটি রং, কখনো একটি স্থাপনা কিংবা কোনো উপকরণের ব্যবহার আমাদের কিছুক্ষণের জন্য হলেও অন্য এক ভাবনার জগতে নিয়ে যায়। সেখানে আনন্দ আছে, প্রশ্ন আছে, কখনো অস্বস্তিও আছে। শিল্পের সঙ্গে এই ব্যক্তিগত কথোপকথনই হয়তো তার সবচেয়ে বড় প্রাপ্তি।

আর্ট ঢাকায় প্রবেশের সময় একজন ভদ্রমহিলাকে দেখেছিলাম একটি স্থাপনার সামনে দাঁড়িয়ে থাকতে। বের হওয়ার সময় দেখেছি আরেকজনকে। দুটি আলাদা মুহূর্ত, দুটি আলাদা মানুষ। আমার কাছে দৃশ্য দুটি মিলেমিশে যেন একটি বৃত্ত পূর্ণ করেছে। হয়তো শিল্পের কাজই এমন—সে কাউকে থামায়, কাউকে ভাবায়, কারও মনে কৌতূহল তৈরি করে। সবাইকে শিল্পের ভাষা বুঝতে হবে না। কিন্তু শিল্পের কাছে যাওয়ার সুযোগটি সবার থাকা জরুরি।

আর্ট ঢাকা সেই সুযোগের একটি দরজা খুলেছে। এখন প্রয়োজন দরজাটি খোলা রাখা এবং আরও অনেক মানুষকে সেই পথে নিয়ে আসা।

ছবি: আর্ট ঢাকার সামাজিক মাধ্যম ও লেখক

১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক, ঐক্যের প্রত্যয়

২

ঢাকায় নাশকতার জন্য সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

৩

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই নেতা নিহত

৪

নারায়ণগঞ্জের বন্দর: আগের সেই কুমির কি এবার নতুন পুকুরে

৫

দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন

৬

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর

৭

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

৮

সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬

৯

রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বললেন, বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে

১০

রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী

১১

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল

১২

বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে

১৩

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী

১৪

রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা

১৫

বোল্ড ফটোশুটে কিয়ারা, বিয়ে-মাতৃত্ব ও ক্যারিয়ার নিয়ে যা বললেন অভিনেত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }