লালমনিরহাটে মাদক, জুয়া, মোবাইল ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে চলমান জনসচেতনতামূলক কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে তুলে ধরবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী সরেজমিনে ‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম দেখতে লালমনিরহাটে আসবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, সংগঠনটির কার্যক্রমের সূচনালগ্নে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করেছেন। একই উদ্যোগে রাষ্ট্রপতি ও সরকারপ্রধানের সম্পৃক্ততা এ অঞ্চলের মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
আজ রোববার সকালে লালমনিরহাট জেলা শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে ‘মাদককে না বলুন, জুয়াকে না বলুন , যৌতুককে না বলুন, বাল্যবিবাহকে না বলুন ’ দুর্নীতিকে না বলুন, স্লোগানে আয়োজিত সাইকেল র্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’ জেলা কমিটি এ র্যালির আয়োজন করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সদর উপজেলার বড়বাড়ী এলাকার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে চার থেকে পাঁচ হাজার সাইকেল আরোহী অংশ নেন।
মন্ত্রী বলেন, মাদক, মোবাইল ক্যাসিনো, জুয়া, বাল্যবিবাহ, যৌতুকসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন অব্যাহত রাখা জরুরি। সম্মিলিত উদ্যোগ ও মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এসব অপরাধ কমিয়ে একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে, যার ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। লালমনিরহাট সদর উপজেলায় সম্মিলিত প্রচেষ্টায় মাদক, মোবাইল ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি হয়রানি ও দুর্নীতিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে।
দুলু বলেন, জেলার পাঁচটি উপজেলায় পর্যায়ক্রমে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন। এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা গেলে সামাজিক অপরাধ আরও কমিয়ে আনা সম্ভব হবে। ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে এটি দেশের অন্যান্য এলাকার জন্যও অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে।
সাইকেল র্যালির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সাইকেল চালানো শরীরচর্চার একটি কার্যকর মাধ্যম। সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম বাড়ানোর পাশাপাশি সাইকেল ব্যবহারে উৎসাহিত হতে হবে। তবে দীর্ঘদিন পর সাইকেল চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
র্যালিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার মানুষের অংশগ্রহণ এ উদ্যোগের প্রতি জনসাধারণের আগ্রহ ও সামাজিক আন্দোলনের সম্ভাবনাকে তুলে ধরেছে। এ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীকে লালমনিরহাটের সামাজিক উদ্যোগ এবং অপরাধ প্রতিরোধে মানুষের সম্মিলিত অংশগ্রহণের চিত্র দেখাতে চান তিনি।
আলোকিত লালমনিরহাট স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সদস্য সচিব ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
এ সময় পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।