লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় ৯৮ বোতল ইস্কাপ সিরাপ এবং ৫ দশমিক ৬ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।
রোববার (১ নভেম্বর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হাজিটারী ও বালাটারী এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে অনন্তপুর ও বালারহাট বিওপির টহলদল অভিযান দুটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে অনন্তপুর বিওপির আওতাধীন হাজিটারী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৯৮ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। পরে রাত ৮টা ৪০ মিনিটের দিকে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী এলাকায় অভিযান চালিয়ে ৫ দশমিক ৬ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।