বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ। এ সভায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাকক্ষে গতকাল রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ আজ সোমবার এসব তথ্য জানান।
মতবিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলটির সহকারী মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির প্রধান সমন্বয়ক ও নগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, নগর দক্ষিণের দফতর সম্পাদক গাজী নাজিমুদ্দিন, কার্যনির্বাহী সদস্য মুফতী খোরশেদ আলম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাহদী ইমাম।
এ সময় শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, পূজা চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।