প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরতে হবে সাবেক প্রধানমন্ত্রীকে; পাসপোর্ট দেওয়ার কারণ নেই বলে মন্তব্য বিদ্যুৎমন্ত্রীর। আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা, সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে দরপত্র শেষ হবে মার্চে
সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চেয়েছে বাংলাদেশ সরকার। তবে ভারত তাঁকে ফেরত না দিলে সরকারের বিশেষ কিছু করার নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর ভাষ্য, শেখ হাসিনা দণ্ডিত আসামি হওয়ায় সাধারণ প্রক্রিয়ায় দেশে ফিরতে পারবেন না; প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনতে হবে। তাঁকে পাসপোর্ট দেওয়ারও কোনো কারণ নেই।
বৃহস্পতিবার রাতে নিজের বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সাক্ষাৎকারে তিনি দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট, এলপিজির বাজার, সমুদ্র থেকে গ্যাস উত্তোলন, সৌরবিদ্যুৎ পরিকল্পনা এবং সমসাময়িক রাজনীতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৭ বছর ধরে দেশের গণতন্ত্র ধ্বংস এবং ক্ষমতা ছাড়ার আগে শিশু-নারীসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত একজন সাবেক শাসক দেশে ফিরলে জনগণ তাঁকে স্বাগত জানাবে—এমন ধারণা তাঁর কাছে অবাস্তব। তাঁর দাবি, শেখ হাসিনা দণ্ডিত হওয়ায় তাঁকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে হবে।
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে টুকু বলেন, সরকার বারবার তাঁকে ফেরত চেয়েছে। ভারত যদি না দেয়, তাহলে বাংলাদেশের করার কিছু নেই। তিনি বলেন, একজন দণ্ডিত আসামিকে যে আইনি প্রক্রিয়ায় ফেরত আনা হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাঁকে পাসপোর্ট দেওয়ার কোনো কারণ নেই।
ডিসেম্বর যত এগিয়ে আসছে, দেশে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বাড়ছে—এমন প্রশ্নে মন্ত্রী আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী দল হিসেবে আখ্যায়িত করেন। তাঁর দাবি, সাম্প্রতিক ঘটনাগুলোতে দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে। সরকার রাজনৈতিক ও আইনগত—দুইভাবেই এসব পরিস্থিতি মোকাবিলা করছে। দলটির নেতা-কর্মীরা চোরাগোপ্তা হামলা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
গ্যাসের চাপ বাড়াতে নতুন অনুসন্ধান
দেশে গ্যাস সংকট ও গ্রাহকদের ভোগান্তি প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে যথেষ্ট গুরুত্ব না দিয়ে আমদানিনির্ভর হয়ে পড়েছিল। এতে দেশের নিজস্ব গ্যাসের মজুত কমার পাশাপাশি বিদেশ থেকে গ্যাস আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। বর্তমানে দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় সরবরাহের চাপও কমেছে।
দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মাথায় আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাস রপ্তানিকারক কয়েকটি দেশ সরবরাহ বন্ধ করে দেয় বলে জানান তিনি। এর মধ্যে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী দুটি ভাসমান টার্মিনালের একটিতে আগুন লাগায় সংকট আরও বেড়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গ্যাসের চাপ এখন মোটামুটি ঠিক হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।
তবে বিদ্যমান অবকাঠামো দিয়ে এর চেয়ে বেশি গ্যাস সরবরাহ করা সম্ভব নয় বলে জানান তিনি। আরেকটি ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) যুক্ত হলে সরবরাহ বাড়ানো যাবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নতুন করে গ্যাস অনুসন্ধান ও খননকাজ শুরু হয়েছে। কক্সবাজারের একটি স্থানে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ওই এলাকায় ভালো মজুত পাওয়ার আশা করছে সরকার।
সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের বিষয়ে মন্ত্রী জানান, সরকার ইতিমধ্যে সমুদ্রের ব্লকগুলোতে অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। আগামী মার্চে দরপত্র প্রক্রিয়া শেষ হওয়ার কথা। বড় আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলো এতে অংশ নেবে বলে আশা করছেন তিনি। এরপর অনুসন্ধান শুরু হলে সমুদ্রের গ্যাসসম্পদ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ভারত ও মিয়ানমার সমুদ্র থেকে গ্যাস তুললেও বাংলাদেশ কেন পারছে না—এমন প্রশ্নে টুকু বলেন, বাংলাদেশ আগে এ ধরনের অনুসন্ধানে কার্যকরভাবে এগোয়নি। বর্তমান সরকার দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। মার্চে দরপত্র বন্ধ হওয়ার পর অনুসন্ধানের কাজ এগিয়ে নেওয়া হবে।
এলপিজিতে সরকারি-বেসরকারি প্রতিযোগিতার পরিকল্পনা
এলপিজির বাজারে অতিরিক্ত দাম নেওয়া এবং ব্যবসায়ী সিন্ডিকেটের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের সরকার পুরো এলপিজি খাত বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিয়েছে। আমদানি ও বাজারজাতকরণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোই প্রধান ভূমিকা রাখছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম নির্ধারণ করলেও সরকারের সরাসরি আমদানি অবকাঠামো নেই।
নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সরকার ব্যবসায়ীদের সঙ্গে বারবার বৈঠক করছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে বলে জানান তিনি। তবে বাজারে প্রতিযোগিতা বাড়াতে সরকার নিজেও এলপিজি আমদানির পরিকল্পনা করছে। এতে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিযোগিতা তৈরি হবে বলে মনে করেন মন্ত্রী।
এলপিজি আমদানির অবকাঠামো তৈরির জন্য ইতিমধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে এবং প্রতিবেদন পাওয়া গেছে বলে জানান তিনি। কোথায় এলপিজি আমদানি করা হবে, কোথায় নামানো ও সংরক্ষণ করা হবে এবং কোথায় বোতলজাত করা হবে—এসব বিষয় চূড়ান্ত করে প্রকল্প বাস্তবায়নে যেতে হবে। এ জন্য প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে ধারণা তাঁর।
আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির ব্যবহার বাড়ানোকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন টুকু। তাঁর দাবি, আগের সরকার এ খাতে যথেষ্ট গুরুত্ব দেয়নি। বর্তমান সরকার সৌরবিদ্যুৎকে কেন্দ্র করে একটি সামাজিক উদ্যোগ শুরু করেছে। এর অংশ হিসেবে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজে ব্যবহার এবং উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রির সুযোগ তৈরি করা হচ্ছে।
মন্ত্রী জানান, আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যুক্ত করার আশা করছে সরকার। গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বাড়লে যে লোডশেডিং হয়, এই উদ্যোগ তা অনেকাংশে কমাতে সহায়তা করবে বলে মনে করেন তিনি।
ছাদে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে বলে জানান মন্ত্রী। তাঁর দাবি, উৎপাদন খরচ সর্বোচ্চ ৮ টাকা হতে পারে। ফলে বাড়ির ছাদকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আয়ের উৎসে পরিণত করা সম্ভব হবে।
এ উদ্যোগে এখন পর্যন্ত ভালো সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট অধ্যাদেশ জারির পর দেড় মাসও হয়নি, এরই মধ্যে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ এগিয়েছে।
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বিদেশি স্বার্থ জড়িত থাকার অভিযোগ নাকচ করে মন্ত্রী বলেন, বিশ্বজুড়েই পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ছে। ভারত ও পাকিস্তানও সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়েছে। বাংলাদেশেরও এ খাতে এগিয়ে যাওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী নিজেও সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন উল্লেখ করে তিনি বলেন, জনগণকে এ বিষয়ে উৎসাহিত করতেই সরকারের এই উদ্যোগ।
জাতীয় গ্রিড বিপর্যয় নিয়ে মন্ত্রীর বক্তব্য
সম্প্রতি জাতীয় গ্রিডে বিপর্যয়ের তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবস্থায় যেকোনো সময় বিপর্যয় ঘটতে পারে। কোনো বিদ্যুৎকেন্দ্রে সমস্যা দেখা দিলে সেটি বন্ধ হয়ে যেতে পারে এবং এর প্রভাব অন্য কেন্দ্রেও পড়তে পারে। একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেলে গ্রিড বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়।
তবে সাম্প্রতিক বিপর্যয়টি আংশিক ছিল এবং দ্রুত বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। তদন্ত প্রতিবেদন জমা হয়েছে কি না, সে বিষয়ে সাক্ষাৎকারে স্পষ্ট করে কিছু বলেননি মন্ত্রী।
সরকারের কাজ নিয়ে আক্ষেপ নেই
বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে। সরকারের প্রায় নয় মাসের কাজের মূল্যায়ন করতে গিয়ে টুকু বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও সরকার পরিস্থিতি সামাল দিতে পেরেছে। সংকট মোকাবিলায় সরকারের ব্যবস্থাপনা সক্ষমতা প্রমাণিত হয়েছে বলে মনে করেন তিনি।
মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে যুদ্ধ ও অস্থিরতার প্রভাব পড়লেও বাংলাদেশ পরিস্থিতি সামাল দিচ্ছে। জ্বালানি সংকট নিয়ে উন্নত দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে তিনি বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তাঁর দাবি, তুলনামূলক কম দামে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে পারায় অন্য দেশের প্রতিনিধিরা বিস্ময় প্রকাশ করেছেন। এ কারণে কেউ কেউ বাংলাদেশকে উদাহরণ হিসেবে দেখছেন।
সরকারের অর্জন নিয়ে কোনো আক্ষেপ আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর যেসব সংকট মোকাবিলা করতে হয়েছে, সেগুলো বিবেচনায় সরকারের অর্জন নিয়ে তাঁর আক্ষেপ নেই।