ঝিনাইগাতীতে মাদক বিস্তার ও পাহাড় ধ্বংসসহ নানা অনিয়মের অভিযোগ তুলে দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা; লিখিত পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
মামার জানাজার নামাজে দাঁড়িয়ে বিএনপি ও দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম রোমান। এলাকায় মাদকের বিস্তার, পাহাড় ধ্বংস, রাজনৈতিক প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মামার জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সময় নিজের অবস্থান তুলে ধরেন রোমান। পরে তাঁর দেওয়া দলত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।
বক্তব্যে রবিউল ইসলাম রোমান জানান, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বিএনপি এবং দলটির সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। পারিবারিক পরিবেশ থেকেই ছোটবেলা থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে তিনি আশাবাদী হয়েছিলেন; কিন্তু ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে।
মামার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আমার মামা আনিসুর রহমান কালু মারা গেছেন। দলের কঠিন সময়ে সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন আমার মামা। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন, এমনকি কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে তার খোঁজখবর নেওয়ার মতো মানুষের অভাব ছিল।
রোমান আরও বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি কিংবা কাউকে ছোট করা তার উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে রাজনীতির চেয়ে মানুষ, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য বেশি।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন জানান, এখন পর্যন্ত রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র তিনি পাননি।
সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না উল্লেখ করে তিনি বলেন, দু-একজন নেতা চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না।