ডিসি গোল্ডকাপ ফুটবলের ফাইনালের সেই অঘটনের ক্ষত ও আতঙ্ক কাটিয়ে দীর্ঘ প্রায় এক বছর পর কক্সবাজারে আবারও ফিরেছে মাঠের সবুজ চাদর আর ফুটবলের উন্মাদনা। হাজারো দর্শকের উল্লাস ও গ্যালারিজুড়ে উত্তেজনাকর পরিবেশে শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আ: মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল—স্বাগতিক সদর উপজেলা বনাম চকরিয়া উপজেলা খেলোয়াড় সমিতি। চকরিয়া উপজেলার হয়ে মাঠে নেমেছিলেন জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকু, সুশান্ত ত্রিপুরা ও ইব্রাহিমের মতো পরিচিত মুখেরা। তবে ম্যাচে তাঁদের নামের প্রতি সুবিচারসুলভ বড় কোনো দাপট দেখা যায়নি।
অন্যদিকে, তিন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়ে মাঠে নামে স্বাগতিক সদর উপজেলা। শুরু থেকেই তারা একের পর এক চমক দেখিয়ে ৪-৫টি চমৎকার সুযোগ তৈরি করে। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কোনো আক্রমণই সফল হয়নি।
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম ৫-৫টি শটে ফলাফল ৪-৪ গোলে সমতায় থাকে। উভয় দলের গোলরক্ষক একটি করে শট রুখে দিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। তবে শেষ পর্যন্ত সাডেন ডেথে সদর উপজেলার এক খেলোয়াড় শট মিস করলে পাল্টে যায় ম্যাচের ভাগ্য। জাতীয় দলের অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকুর দুর্দান্ত বাজিমাত এবং শেষ মুহূর্তের স্নায়ুচাপে ৭-৬ গোলের ব্যবধানে জয় তুলে নেয় চকরিয়া উপজেলা।
সার্বিক দিক দিয়ে পুরো ম্যাচে দাপট দেখিয়ে ও ভালো খেলে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হেরে দুর্ভাগ্যজনকভাবে বিদায় নিতে হলো স্বাগতিক সদর উপজেলাকে।