প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১: ১৬
লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি ও অর্থ আদায়ের ঘটনায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ঘটিকায় নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ১. মো. মনোয়ার হোসেন (৪০), পিতা-মৃত মো. মোবারক হোসেন, সাং-চাঁদপুর, থানা-সিংড়া, জেলা-নাটোর এবং ২. মো. সোহেল রানা (৪৫), পিতা-মোহাম্মদ তাজউদ্দীন, সাং-চাঁদপুর, থানা-সিংড়া, জেলা-নাটোর।
তদন্তে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুস সামাদ (৭০)-এর ছেলে মো. সাইফুল (৩৯) পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান। কিন্তু প্রবাসে পৌঁছানোর পর তিনি মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন।
২০২৫ সালের ৫ আগস্ট দুপুরে লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মুঠোফোনে কল করে জানানো হয়, সাইফুলকে তাদের হেফাজতে আটক রাখা হয়েছে। তাকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে। অপহরণকারীরা আরও জানায়, মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না।
সন্তানের জীবন রক্ষার আশায় সাইফুলের পরিবার ২০২৫ সালের ১০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকানের মাধ্যমে অভিযুক্তদের দেওয়া একাধিক মোবাইল নম্বরে সর্বমোট ৫ লাখ টাকা পাঠায়। পরিবারের প্রত্যাশা ছিল, টাকা পরিশোধের পর অন্তত ছেলের সঙ্গে কথা বলা যাবে এবং তাকে ফিরে পাওয়ার পথ সুগম হবে। কিন্তু পাঁচ লাখ টাকা পাওয়ার পরও অপহরণকারীরা সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেয়নি।
পরবর্তীতে সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানায়, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে এবং প্রয়োজনে সে নিজে লিবিয়ায় গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসবে। এই আশ্বাসে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলা হয়। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ সময় জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের ব্যক্তিদের কাছে সাইফুল আটক রয়েছে এবং তাদের কাছ থেকেই আব্দুস সামাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে। একদিকে ছেলের জীবন নিয়ে চরম উৎকণ্ঠা, অন্যদিকে একের পর এক মুক্তিপণের দাবি—সব মিলিয়ে অসহায় হয়ে পড়েন ৭০ বছর বয়সী বাবা। শেষ পর্যন্ত ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। এরপর থেকে তাঁর ও সাইফুলের স্ত্রীর মুঠোফোনে আর কোনো কল আসেনি।
এ ঘটনায় প্রতারিত ও ছেলের জীবন নিয়ে শঙ্কিত বাবা মো. আব্দুস সামাদ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন (সুন্দরগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-০৫/০৯/২০২৫ খ্রি., ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬/৭/৮/১০(১) এবং পেনাল কোডের ৩৬৪/৩৮৫/৩৮৬/৪০৬/৪২০/৩৪)। মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি।
মামলার তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে সিআইডির একটি দল অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া বাজার এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামি মো. মনোয়ার হোসেন ও মো. সোহেল রানাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মানব পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে। এ ঘটনার নেপথ্যে থাকা দেশীয় ও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
বিদেশে কর্মসংস্থানের প্রলোভনে প্রতারণা ও মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে সিআইডি বদ্ধপরিকর। বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন