এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১: ৪০

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল তৈরি ও ব্যবহারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে চারটি অলাভজনক সংগঠন। আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর এআই মডেল প্রশিক্ষণ ও বাজারে ছাড়ার কার্যক্রম স্থগিত করতে চাইছে তারা। মামলাকারীদের দাবি, মানুষের নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠার প্রমাণ দিতে পারলেই কেবল এসব প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার আবার শুরু করা যাবে।

ডিজিটাল নিরাপত্তা ও ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর জোট বৃহস্পতিবার সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে এ মামলা করে। মামলাটি করেছে ইরিপ্লেসেবল এডুকেশন ফান্ড, পাবলিক সিটিজেন, হিট ইনিশিয়েটিভ এবং অ্যালায়েন্স ফর সিকিউর এআই। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মামলাটি হলো।

বিশ্লেষকদের অনেকে মনে করছেন, নির্বাচনের ফল সিলিকন ভ্যালির নিয়ন্ত্রক কাঠামোয় পরিবর্তন আনতে পারে। এমনকি প্রযুক্তি খাতের ওপর নিয়ন্ত্রণ আরো কঠোর হতে পারে।

মামলায় পাঁচটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে। এগুলো হলো অ্যানথ্রপিক, গুগল, মেটা, ওপেনএআই ও স্পেসএক্স।

মামলাকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি এআই প্রযুক্তির কারণে সৃষ্ট ‘বিপর্যয়কর ক্ষতি’ ঠেকাতে পারছে না। নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার বন্ধ রাখার দাবি জানিয়েছে সংগঠনগুলো।

মামলায় এআই ব্যবহার করে চালানো সাইবার হামলা এবং প্রযুক্তিটির অন্যান্য ক্ষতিকর আচরণের নথিভুক্ত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজেদের দেওয়া গুরুতর সতর্কবার্তাও তুলে ধরা হয়েছে। এসব সতর্কবার্তায় বলা হয়েছে, নিয়ন্ত্রণহীন এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

মামলাকারীরা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরবর্তী প্রজন্মের এআই মডেলগুলোর ওপর অবিলম্বে জরুরি নিষেধাজ্ঞা চেয়েছেন। তাদের দাবি, প্রযুক্তিগুলো মানুষের নিয়ন্ত্রণে রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেই প্রতিষ্ঠানগুলো আবার কার্যক্রম শুরু করতে পারবে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ‘অনিরাপদ পণ্য তৈরি করাকে অনিবার্য বলে ধরে নিয়ে কাজ করার সুযোগ অন্য কোনো শিল্পকে দেওয়া হয় না। বিশেষ করে এমন পণ্যের ক্ষেত্রে, যেগুলো আমাদের সবার প্রাণ কেড়ে নিতে পারে। বিবাদীদের বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া বেআইনি পথ বন্ধ করতেই বাদীরা এ মামলা করেছেন।’

মামলাকারীদের অভিযোগ, জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে এবং কম্পিউটার ব্যবস্থার মতো সম্পত্তির ব্যবহার ব্যাহত করে প্রতিষ্ঠানগুলো ক্যালিফোর্নিয়ার অন্যায্য প্রতিযোগিতাবিরোধী আইন লঙ্ঘন করেছে। এ আইনে প্রতারণামূলক বিজ্ঞাপন, বাজারে প্রতিযোগিতাবিরোধী আচরণ এবং এক ধরনের পণ্যের প্রলোভন দেখিয়ে অন্য পণ্য বিক্রির মতো কৌশল নিষিদ্ধ।

দ্রুত এগিয়ে চলা এআই মডেলগুলোর কারণে প্রায় প্রতিদিনই নতুন সংকট তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনগুলো। এসব সংকট মোকাবিলায় নিজেদের নিয়মিত কাজের জন্য বরাদ্দ সম্পদ অন্যদিকে সরিয়ে নিতে হচ্ছে বলে জানিয়েছে তারা।

এআই উন্নয়ন বন্ধের প্রক্রিয়া কেমন হবে

আদালতের নির্দেশে সাময়িকভাবে এআই উন্নয়ন বন্ধ করা হলে সেটিকে স্থায়ী নিষেধাজ্ঞায় রূপ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু জটিল প্রশ্ন রয়েছে। নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হবে, প্রতিষ্ঠানগুলো তা মেনে চলছে কি না কীভাবে যাচাই করা হবে এবং কোন আইনি শর্ত পূরণ হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যাবে—এসব বিষয় এখনো স্পষ্ট নয়।

মামলার চার বাদীর একটি নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংগঠন ইরিপ্লেসেবল এডুকেশন ফান্ড। জনস্বার্থে প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই সংগঠনটির কাজ। তারা আলজাজিরাকে জানিয়েছে, এআই উন্নয়নের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই তাদের দাবির মূল লক্ষ্য।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফিল অ্যারোনেউনু বলেন, ‘প্রকৃত অর্থে উন্নয়ন স্থগিত করতে হলে কোন কাজগুলো বন্ধ করতে হবে, নিয়ম মানা হচ্ছে কি না কীভাবে যাচাই করা হবে এবং নিয়ম ভাঙলে কী পরিণতি হবে—তা নির্দিষ্ট করে দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘এ জন্য সরকারি পরিদর্শন এবং নিষিদ্ধ কাজ বন্ধ করার ক্ষমতা থাকতে হবে। শুধু জনসমক্ষে এআই মডেল প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিলেই চলবে না। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে বড় কম্পিউটিং কেন্দ্রগুলোও নজরদারির আওতায় আনা যেতে পারে।’

এআই উন্নয়নে কী ধরনের আইনি সুরক্ষাব্যবস্থা থাকা উচিত, সে বিষয়ে সংগঠনটি কয়েক স্তরের তদারকি ব্যবস্থার প্রস্তাব দিয়েছে। তাদের মতে, সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে সতর্কতার সঙ্গে বিবেচনা করেই এআই উন্নয়নের সিদ্ধান্ত নিতে হবে।

ইরিপ্লেসেবল এডুকেশন ফান্ড বলেছে, এ ক্ষেত্রে কয়েকটি প্রস্তাব কার্যকর হতে পারে। এর মধ্যে রয়েছে ফেডারেল পর্যায়ে স্বাধীন মূল্যায়নকারী ও নিয়ন্ত্রক সংস্থা গঠন, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং তাদের তৈরি পণ্যের জন্য কঠোর দায়বদ্ধতা নিশ্চিত করা এবং এআই নিয়ন্ত্রণে একটি স্বাধীন সংস্থা প্রতিষ্ঠা।

সংগঠনটির মতে, ফেডারেল আইনে এআই নিরাপত্তার ন্যূনতম সুরক্ষাব্যবস্থা নির্ধারণ করতে হবে। তবে এ ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলোর আরও কঠোর ব্যবস্থা গ্রহণ ও তা কার্যকর করার ক্ষমতা বজায় রাখতে হবে।

চীনের সঙ্গে প্রতিযোগিতা ও এআই নিরাপত্তা

মামলাটি ক্যালিফোর্নিয়ার আদালতে করা হলেও বাদীদের দাবি, যুক্তরাষ্ট্রে এআই উন্নয়ন স্থগিত করা হলে চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশ সুবিধা পাবে না। তবে এ জন্য ওয়াশিংটনকে বৈশ্বিক নিয়মকানুন তৈরির উদ্যোগ নিতে হবে এবং বেইজিংয়ের সঙ্গে আলোচনা শুরু করতে হবে।

এআই উন্নয়নে চীনকে ছাড়িয়ে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ গতিতে এগোচ্ছে বলে বারবার জানিয়েছে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। একই অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

ইরিপ্লেসেবল এডুকেশন ফান্ড আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘এআইয়ের নেতিবাচক প্রভাব কমাতে এবং বিপর্যয় ঠেকাতে দ্বিপক্ষীয় চুক্তি ও একটি আন্তর্জাতিক চুক্তির প্রয়োজন হবে বলে আমরা মনে করি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘যদি উভয় পক্ষের অগ্রগতির গতি প্রায় একই হারে কমানো যায় এবং এআইয়ের ওপর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমে, তাহলে যুক্তরাষ্ট্র বা চীনের এআই প্রতিযোগিতায় তেমন ক্ষতি হবে না। বরং এতে আমরা সবাই আরো নিরাপদ থাকব।’

এই যুক্তি ট্রাম্পের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এআই উন্নয়নের গতি কমানোর বিরোধী ট্রাম্পের আশঙ্কা, যুক্তরাষ্ট্র একতরফাভাবে সংযম দেখালে বৈশ্বিক এআই উন্নয়নের গতিপথ নির্ধারণের সুযোগ পাবে বেইজিং।

এআইয়ের দ্রুত সম্প্রসারণের পক্ষে থাকা ট্রাম্প এর আগে বলেছিলেন, এআই উন্নয়নে চীনের চেয়ে এগিয়ে থাকা জরুরি। তার ভাষায়, ‘যে এআইয়ে জিতবে, সেই জিতবে।’

মামলাকারীদের দাবি, এআই নিয়ে বছরের পর বছর সতর্কবার্তা দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের কংগ্রেস এখন পর্যন্ত এ প্রযুক্তি নিয়ন্ত্রণে কোনো আইন পাস করেনি।

মামলার এক বাদী বলেন, ‘প্রতিষ্ঠানগুলো যত দিন অতি-বুদ্ধিমান এআই তৈরির প্রতিযোগিতা চালিয়ে যাবে, তত দিন আরো বেশি মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মুখে পড়বে।’

এখন নতুন দায়িত্ব নিতে যাওয়া ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তাদের দাবিতে সাড়া দেবেন বলে আশা করছেন মামলাকারীরা।

ইরিপ্লেসেবল এডুকেশন ফান্ড বলেছে, ‘নতুন কংগ্রেসের প্রথম কাজ হওয়া উচিত এআইয়ের নতুন উন্নয়ন স্থগিত করা। তবে আইনপ্রণেতাদের পদক্ষেপের জন্য আমরা অপেক্ষা করতে পারি না। আদালতকেই এখন প্রতিকার দিতে হবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

ইউনিফিলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় লেবানন যাচ্ছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

২

আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন: স্বার্থের ত্রিমুখী সমীকরণে সম্পর্কে নতুন মেরুকরণ

৩

লালমনিরহাটে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

৪

নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান খান

৫

জামালপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের পাঁচ সদস্যের পদ বাতিল

৬

কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে সাগরে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ

৭

বাবার স্মৃতি ও মায়ের ইচ্ছায় যে বিদ্যালয় গড়েছিলেন হুমায়ূন আহমেদ

৮

৪৬ বছর পর বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছে রাজিব-সেলিনা

৯

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

১০

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

১১

শ্রমিকের জীবনে সংকট

১২

হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

১৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

১৪

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনার বিষয় অজানা

১৫

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }