নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে আগামী তিন বছরের জন্য তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ছ) ও ১৮(৪) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
একই আদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মানের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
এ বিষয়ে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্ষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও পরামর্শ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের ও গতিশীল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি নোবিপ্রবির পক্ষ থেকে নতুন মনোনীত সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।