লালমনিরহাটে পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. এনামুল হক (৩৮) ও মো. মইনুল হোসেন মেরুন (৩২)। মামলার নথিতে এনামুল হককে লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক এবং মেরুনকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে লালমনিরহাট পৌরসভার শহীদ শাহজাহান কলোনি এলাকায় নিজ বাড়ির সামনে থেকে এনামুল হককে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছয়জনকে অপহরণ, একটি ভবনে আটকে রাখা এবং অগ্নিসংযোগ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামি করা হয়েছে।
অন্যদিকে, একই দিন রাত ১টা ১০ মিনিটে লালমনিরহাট পৌরসভা মার্কেটের সামনে থেকে মইনুল হোসেন মেরুনকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ২৯ অক্টোবর লালমনিরহাটের স্টেশন রোডে অবস্থিত রেল শ্রমিক দল কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশের আদালতে পাঠানো আবেদনে বলা হয়েছে, উভয় মামলার তদন্ত চলমান। তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।