কুতুবপুরের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে প্রতিদিন ছড়িয়ে পড়ছে শিক্ষার আলো; পাঠাগার, ভালো ফলাফল আর সাইকেলে স্কুলে আসা কিশোরীদের স্বপ্নে বেঁচে আছেন কথাসাহিত্যিক
গ্রামবাংলার আঁকাবাঁকা মেঠোপথ পেরিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের প্রত্যন্ত কুতুবপুর গ্রামে পৌঁছালেই চোখে পড়ে ব্যতিক্রমী এক শিক্ষাপ্রতিষ্ঠান—শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিদ্যালয়টি এখন এলাকার শিক্ষার অন্যতম ভরসাস্থল। গ্রামের ছেলেমেয়েদের স্বপ্নপূরণের এই ঠিকানার সঙ্গে জড়িয়ে আছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাম। বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং মায়ের ইচ্ছাকে সম্মান জানিয়ে তিনি গড়ে তুলেছিলেন প্রতিষ্ঠানটি। তাঁর মৃত্যুর পরও বিদ্যালয়ের পাঠদান, সমৃদ্ধ পাঠাগার ও শিক্ষার্থীদের সাফল্যের মধ্য দিয়ে বেঁচে আছে তাঁর স্বপ্ন।
বাবার স্মৃতি ও মায়ের ইচ্ছায় প্রতিষ্ঠা
স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া জানান, হুমায়ূন আহমেদ মূলত শহরেই বেড়ে উঠেছেন। বিদ্যালয় প্রতিষ্ঠার আগে গ্রামের বাড়িতে তাঁর যাতায়াতও ছিল তুলনামূলক কম। তবে মা আয়েশা ফয়েজের কাছ থেকে তিনি জানতে পারেন, তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদকে লেখাপড়ার জন্য অনেক দূরে যেতে হতো। আশপাশে শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁকে পড়াশোনা করতে হয়েছিল।
হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। ১৯৭১ সালের মে মাসে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তিনি নিহত হন। বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং মায়ের অভিজ্ঞতা ও ইচ্ছাকে গুরুত্ব দিয়ে নিজ গ্রামে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করেন হুমায়ূন আহমেদ। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে কুতুবপুরে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।
১৯৯৬ সালে অভিনেতা আসাদুজ্জামান নূর বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তী সময়ে ২০০০ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা চূড়ান্ত হয়। ২০০৬ সালে কুতুবপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের আর্থিক ব্যয়ের বড় অংশ বহন করতেন হুমায়ূন আহমেদ নিজেই। তাঁর মৃত্যুর পর প্রতিষ্ঠানটির পরিচালনা ও সার্বিক তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাঁর স্ত্রী এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মেহের আফরোজ শাওন।
সমৃদ্ধ পাঠাগার, ব্যতিক্রমী স্থাপত্য
বর্তমানে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে। সরকারি অর্থায়নে নির্মিত হয়েছে চারতলা ভবন। এতে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশে এসেছে ইতিবাচক পরিবর্তন। প্রায় ৩৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টির স্থাপত্যেও রয়েছে ব্যতিক্রমী বৈশিষ্ট্য। পাশ্চাত্য স্থাপত্যশৈলীতে নির্মিত ভবনের পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে রয়েছে আধুনিক শহীদ মিনার।
বিদ্যালয়ের অন্যতম আকর্ষণ ‘শহীদ ফয়জুর রহমান আহমেদ পাঠাগার’। চার হাজারের বেশি বই, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন দলিলপত্র ও আলোকচিত্র নিয়ে গড়ে ওঠা এই পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। পাঠ্যবইয়ের বাইরেও নানা বিষয়ে জানার সুযোগ তৈরি করেছে পাঠাগারটি।
সাইকেলে বিদ্যালয়ে আসে কিশোরীরা
বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে ৩১৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন দূর-দূরান্ত পাড়ি দিয়ে তারা বিদ্যালয়ে আসে। বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। এলাকার অনেক কিশোরী প্রতিদিন সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। গ্রামীণ জনপদে মেয়েদের শিক্ষার প্রসারে এটি ইতিবাচক পরিবর্তনের দৃশ্যমান উদাহরণ।
শিক্ষার মান ও পরীক্ষার ফলাফলেও বিদ্যালয়টি সাফল্যের পরিচয় দিয়ে আসছে। সংশ্লিষ্টদের দাবি, বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ-৫।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে হুমায়ূন আহমেদ কেবল একজন লেখক নন, আপনজনের মতো পরিচিত এক মানুষ। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী, শুভ্র কিংবা বাকের ভাইয়ের মতো চরিত্রের মধ্য দিয়ে নতুন প্রজন্ম তাঁকে চিনেছে। শিক্ষকেরাও পাঠ্যবইয়ের বাইরে হুমায়ূন আহমেদের ছোটগল্প ও উপন্যাস পড়তে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
দশম শ্রেণির শিক্ষার্থী নওরীন জাহান ত্বন্নী ও প্রিয়ান্তী রানী এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদ্দাবী সাবিদসহ অনেক শিক্ষার্থী জানায়, তারা হুমায়ূন আহমেদকে সরাসরি দেখেনি। তবে তাঁর লেখা বই পড়লে মনে হয়, তিনি যেন তাদের আশপাশেই আছেন। তাদের ভাষ্য, হুমায়ূন আহমেদের রেখে যাওয়া এই বিদ্যালয় তাদের অনেক কিছু শেখাচ্ছে।
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা প্রতিবছর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে। এ বছরও ব্যতয় ঘটবে না।
গ্রামের উন্নয়নেও রেখেছেন অবদান
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি কুতুবপুর গ্রামের অবকাঠামোগত উন্নয়নেও হুমায়ূন আহমেদের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্রামের প্রবীণ থেকে শুরু করে তরুণ প্রজন্ম—সবার কাছেই তিনি পরিচিত ও শ্রদ্ধার মানুষ।
স্থানীয় টং দোকানি ফকর উদ্দিন জানান, হুমায়ূন আহমেদ সম্পর্কে তাঁর চাচা হন। ছোটবেলা থেকেই তাঁকে কাছ থেকে দেখেছেন তিনি। হুমায়ূন আহমেদ তাঁর দোকানেও আসতেন। গ্রামের বিভিন্ন স্থানে তাঁর নাটকের শুটিং হয়েছে। ফকর উদ্দিন বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর হুমায়ূন আহমেদ গ্রামে বেশি আসতেন এবং শিশুদের সঙ্গে সময় কাটাতেন। তাঁর উদ্যোগেই গ্রামে বিদ্যুৎ ও রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। তাঁর মতে, বিদ্যালয়টি শুধু শিক্ষার সুযোগ তৈরি করেনি, গ্রামের সার্বিক উন্নয়নেও ভূমিকা রেখেছে।
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই ছিল স্বপ্ন
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল, এই বিদ্যালয়কে কেন্দ্র করে গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। গ্রামের শিক্ষার্থীরা যেন শহরে না গিয়েও মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সেটিই ছিল তাঁর প্রত্যাশা। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যার আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা প্রতিবছর স্যারের জন্মদিন এবং প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করি। ১৩ নভেম্বর শুক্রবার আমাদের হুমায়ূন আহমেদ স্যারের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।’
প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও ফলাফলের বিষয়ে তিনি বলেন, হুমায়ূন আহমেদের রেখে যাওয়া বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের ধারাবাহিকতা এবং উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুর বারী জানান, অসুস্থতার কারণে এখনো বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করা সম্ভব হয়নি। তবে তিনি নিয়মিত প্রতিষ্ঠানটির খোঁজখবর রাখছেন। তাঁর মতে, বিদ্যালয়টি উপজেলার অন্যতম ভালো শিক্ষাপ্রতিষ্ঠান।
কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিতা চৌধুরী বলেন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিবছর পরীক্ষার ফলাফলে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানটির উন্নয়নে সরকারি সহযোগিতা দেওয়ার বিষয়ে প্রশাসন সবসময় ইতিবাচক।
হুমায়ূন আহমেদ আজ আর নেই। নেই গ্রামের পথে তাঁর চেনা পদচারণা কিংবা শিশুদের সঙ্গে সময় কাটানোর সেই মুহূর্তগুলো। কিন্তু কুতুবপুরের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে প্রতিদিন বই হাতে ছুটে আসা শিক্ষার্থীদের চোখে এখনো বেঁচে আছে তাঁর স্বপ্ন। শ্রেণিকক্ষের পাঠদান, পাঠাগারের বই আর শিক্ষার্থীদের সাফল্যের মধ্য দিয়ে কুতুবপুরে ছড়িয়ে পড়ছে সেই স্বপ্নের আলো। একজন মানুষের উদ্যোগ কীভাবে একটি জনপদের ভবিষ্যৎ বদলে দিতে পারে, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ তারই এক জীবন্ত উদাহরণ।
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ, নেত্রকোনায় হিমু উৎসব
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ শুক্রবার (১৩ নভেম্বর)। এ উপলক্ষে তাঁর জন্মজেলা নেত্রকোনায় আয়োজন করা হয়েছে ‘হিমু উৎসব’। প্রতিবছরের মতো এবারও তারুণ্যনির্ভর সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডা এ উৎসবের আয়োজন করেছে।
উৎসবকে ঘিরে সকাল থেকেই নেত্রকোনা শহরে লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মিলনমেলা বসেছে। ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে হিমু এবং মেয়েরা নীল শাড়িতে রূপা সেজে উৎসবে অংশ নিচ্ছেন। হুমায়ূন আহমেদের পরিচালিত সিনেমা ও নাটকের জনপ্রিয় গানের সঙ্গে নাচ-গানেও মাতবেন ভক্তরা।
আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় হুমায়ূন আহমেদের শিক্ষামূলক উক্তি লেখা টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। এরপর বেলা ১১টায় হিমু-রূপা সেজে বিভিন্ন বয়সী ভক্তদের অংশগ্রহণে বের হবে আনন্দ শোভাযাত্রা। এতে লেখক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেবেন।
শহরের সাতপাই নদীর পাড়ের চক্ষু হাসপাতাল এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পথ পেরিয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। সেখানে কেক কেটে জন্মদিন উদ্যাপন করবেন হিমু-রূপারা।
সন্ধ্যা ৬টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘গানে ও আড্ডায়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লেখক, সাংবাদিক, সাহিত্যিকসহ হুমায়ূন আহমেদের ভক্তরা তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখবাড়িতে জন্মগ্রহণ করেন। মায়ের প্রথম সন্তান হিসেবে মামার বাড়িতে তাঁর জন্মের পর নানা এক মণ মিষ্টি বিতরণ করেছিলেন। যে ঘরে তাঁর জন্ম হয়েছিল, সেখানে নিজের নামফলকও লাগিয়ে রেখেছিলেন নানা। অন্যদিকে, নিজের পৈতৃক ভিটা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে বাবার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন এই কথাসাহিত্যিক।
২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা যান হুমায়ূন আহমেদ। তাঁর মৃত্যুর পর থেকে প্রায় এক যুগ ধরে জন্মদিনে ‘হিমু উৎসব’ এবং মৃত্যুবার্ষিকীতে ‘স্মরণ কথন’ আয়োজন করে আসছে নেত্রকোনার হিমু পাঠক আড্ডা। প্রতিবছর এসব আয়োজন ঘিরে নেত্রকোনা শহর পরিণত হয় লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মিলনমেলায়।