বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ আর কোনো দেশের আধিপত্য মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে ভারতসহ বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সারা বিশ্বই সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। এখন এ দেশের মানুষ আর কারও আধিপত্য মেনে নেবে না। এ দেশের মানুষ চায়, ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদার, সমতার ভিত্তিতে।’
দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান শফিকুর রহমান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলেই দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ-বাণিজ্যের টুঁটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কি না, এটাই বড় বিষয়।’
জামায়াতের আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। মানুষের এই আস্থা অর্জনের জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আগামী স্থানীয় নির্বাচন সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন।
শফিকুর রহমান বলেন, ‘ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে আমাদের নেতা-কর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি।
এরপর শুক্রবার বিকেলে একই স্থানে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।