প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন আজ সোমবার সন্ধ্যা ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুক এক পোস্টে বললেন, ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার গোপন বৈঠক করেছেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার এই বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এ. টি. এম. মাছুমসহ মোট ৩ জন অংশগ্রহণ করেন।
তিনি লেখেন, যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে। তারা কি কারণে এই ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সাথে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে? কোনো ভারতীয় কূটনীতিকের সাথে বৈঠক করা আর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক হওয়া এক জিনিস নয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহাকারী রাশেদ লেখেন, মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে, আশা করি তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামী লীগকে সাথে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!