বেনাপোলে হচ্ছে ১৩০ ফুট উঁচু পতাকাস্তম্ভ

বেনাপোল প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

যশোরের বেনাপোল স্থলবন্দরে ১৩০ ফুট উচ্চতার একটি পতাকাস্তম্ভ (ফ্ল্যাগ স্ট্যান্ড) নির্মাণ করা হচ্ছে। বিজিবির উদ্যোগে যশোর জেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সম্প্রতি বেনাপোল জিরো পয়েন্ট এলাকায় পতাকাস্তম্ভটি দৃশ্যমান হয়েছে।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মো. সাইফুল আলম খান বলেন, “স্বাধীনতার এই পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশের পতাকা সবচেয়ে উঁচুতে উড়বে এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। এই গৌরবের পতাকা সমুন্নত রাখতে বিজিবি প্রতিজ্ঞাবদ্ধ।”

বেনাপোল পৌরসভার তত্ত্বাবধানে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে কাজটি করছেন ঠিকাদার ইসাহক মিয়া। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পতাকাটি উত্তোলন করা হবে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ফজলে ওয়াহিদ বলেন, এই পতাকাস্তম্ভ দেশের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও দেশপ্রেমের প্রতীক। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন দেশি-বিদেশি হাজারো পর্যটক যাতায়াত করেন। ভবিষ্যতে স্থানটিকে একটি দর্শনীয় স্পটে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, প্রতিদিন অনেক মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হবে।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় এমন একটি স্থাপনা নতুন আকর্ষণ হিসেবে দেখা দেবে।

পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে ১১৭ ফুট উচ্চতার পতাকাস্তম্ভ ছিল দেশের সর্বোচ্চ। নতুন এই পতাকাস্তম্ভটি হলে সেই রেকর্ড ছাড়িয়ে যাবে।

এলাকার খবর

সম্পর্কিত