ফরিদপুরের মধুখালীতে এইচএসসি প্রাক্-নির্বাচনী পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে সরকারের কাছে বউ চেয়েছেন দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী। একই খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করে লেখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যে তাঁর বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। ওই শিক্ষার্থী মধুখালী উপজেলা সদরের সরকারি আইনউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। কলেজ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ইসলামী ইতিহাস পরীক্ষায় অংশ নিয়ে তিনি প্রশ্নের উত্তর না লিখে খাতায় বিয়ে ও বউ চাওয়ার বিষয়ে একটি লেখা লেখেন।
খাতায় তিনি লেখেন, ‘মানুষ কি চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়।... তাই আমি সরকারকে বলতে চাই (আমার বন্ধুদের) একটা করে হলেও বউ দেওয়া উচিত, নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।’
এ ছাড়া পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটাক্ষ করে লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম জাহিদ জানান, ওই পরীক্ষায় ৯২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তিন-চার দিন আগে পরীক্ষার খাতা মূল্যায়নের সময় ওই শিক্ষার্থীর খাতায় এ ধরনের লেখা দেখতে পান তিনি। পরে বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান। জাহিদুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার খাতায় এ ধরনের লেখা প্রত্যাশিত নয়। বিষয়টি দুঃখজনক ও লজ্জাজনক।
মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, বিষয়টি দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষার্থীদের কখনোই এ ধরনের শিক্ষা দেওয়া হয়নি। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তাঁর বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।
এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। কলেজ কর্তৃপক্ষও তাঁকে কিছু জানায়নি। এখন বিষয়টি জেনেছেন। গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ও তাঁর বাবার বক্তব্য পাওয়া যায়নি।