ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) লালমনিরহাটের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. কাসেম আলী। কমিটির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম আবু হাসনাত রানা (সাংবাদিক) ও হাসিনা মাহবুব।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় লালমনিরহাট সনাক কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় তাঁদের পরবর্তী মেয়াদের জন্য নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক।
নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিরা আগামী ১ নভেম্বর থেকে দায়িত্ব পালন করবেন।
সভায় নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান সনাকের সদস্যরা। একই সঙ্গে বিদায়ী সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক এবং সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত ও রাওয়ানা মার্জিয়ার দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
সনাক সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লালমনিরহাট জেলায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় কার্যক্রম আরও গতিশীল হবে।
সভায় উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, সদস্য মো. রফিকুল আলম খান স্বপন, স্বপ্না জামান, মো. জালাল উদ্দিন, সাধনা রায়, আশিক ইকবাল মিলন, রিয়াজুল হক সরকার, রওশন আরা বেগম ও আজিজুল হক মোল্লা বাবু। এ ছাড়া টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মোরশেদ আলম উপস্থিত ছিলেন।