রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ের শিকার হয়ে নিহত বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন হত্যাকাণ্ডের মূল সন্দিগ্ধ মো. মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে ‘প্যারা পনি’ এবং তার সহযোগী সেড্রিক।
রোববার (৩০ আগস্ট) মোহাম্মদপুরে র্যাব-২-এর সদরদপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে পনি গাজীকে পেশাদার ছিনতাইকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ মোট ১৩টি মামলা রয়েছে।
র্যাব জানায়, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক রাকিব। পনি এলাকার বড় ভাই হিসেবে বিভিন্ন সময় হুমকি দিয়ে তার কাছ থেকে মোটরসাইকেলটি নিয়ে যেতেন। ঘটনার দিনও মোটরসাইকেলটি পনির কাছে ছিল বলে রাকিব জানিয়েছেন। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, ঘটনাটি সরাসরি কেউ দেখেনি। ফলে রনজিনার ব্যাগটি পনি নাকি সেড্রিক টেনেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ, স্থানীয় সোর্সের তথ্য এবং গ্রেপ্তার দুজনের মোবাইল ফোনের অবস্থানসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে পনিকে সন্দিগ্ধ হিসেবে শনাক্ত করা হয়েছে।
শু/আজা