জামালপুরের মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মানের বসতঘরের পাশে আগুন লাগার ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা কেরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে আগুন দেওয়ার অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ করেন ৭৩ বছর বয়সী মো. সোলায়মান।
থানায় দেওয়া অভিযোগে সোলায়মান উল্লেখ করেন, রাতে পরিবারের সদস্যদের নিয়ে খাওয়াদাওয়া শেষে ঘরের দরজা-জানালা বন্ধ করে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর বসতঘরের পাশে থাকা দুটি গ্যাসের বোতলের কাছে কেরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়।
সোলায়মানের ভাই রফিকুল ইসলাম (৬০) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে ডাকাডাকি করেন। পরে রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী মোছা. মাহমুদা খাতুন ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে আগুনের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আগুন কে বা কারা লাগিয়েছে, কিংবা ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান বলেন, ‘আমার সঙ্গে তেমনভাবে কারও শত্রুতা নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাও জানি না। আমার পরিবার আতঙ্কে আছে। এজন্য থানায় অভিযোগ করেছি, যেন ঘটনার সত্যতা জানতে পারি এবং ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং আগুন দেওয়ার অভিযোগের সত্যতা কী—তদন্তের মাধ্যমে তা বের করা হবে বলে জানান তিনি।