ক্যানসারের মতো মরণব্যাধি থেকে অলৌকিকভাবে সুস্থ হওয়ার পেছনে পবিত্র কুরআনের ‘সূরা আর-রহমান’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ।
সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে নিজের ক্যানসার থেকে সুস্থ হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে নওমানের লিম্ফোমা ও একটি টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়।
নওমান জানান, রোগ শনাক্ত হওয়ার দিন বন্ধু গোহর বাট তাকে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াতের পরামর্শ দেন। এরপর তিনি প্রতিদিন সূরাটি পড়তে শুরু করেন। কেমোথেরাপি শুরুর আগে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শরীরে আর কোনো টিউমার খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, দৃঢ় বিশ্বাস ও নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত তার মানসিক ও আধ্যাত্মিক শক্তির প্রধান উৎস হয়ে উঠেছিল। চিকিৎসার কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েই সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতাকে তিনি জীবনের অন্যতম গভীর ও পরিবর্তনকারী অধ্যায় হিসেবে বর্ণনা করেন।
নওমান ইজাজ একাধারে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং সঞ্চালক। দেশটির অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে পরিচিত তিনি। এ পর্যন্ত প্রায় পৌনে দুইশ টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন।
শু/আজা