কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. ইয়াসিন (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম খান (২৩) নামের আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজ দুজনের বাড়ি ঢাকার আফতাবনগর এলাকায় বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার তাঁরা ১০ জনের একটি দলের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসেন।
পুলিশ ও লাইফগার্ড কর্মীরা জানান, বেলা দেড়টার দিকে ১০ জনের দলটি সুগন্ধা সৈকতে নামে। পরে সোয়া দুইটার দিকে তাঁরা উত্তর দিকে সি-গাল পয়েন্টে যান। সেখানে দলের পাঁচজন সমুদ্রে গোসলে নামেন।
নিখোঁজ পর্যটকদের উদ্ধারে নিয়োজিত বেসরকারি সি-সেফ লাইফগার্ড স্টেশনের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর বর্তমানে প্রচণ্ড উত্তাল। এ ছাড়া সুগন্ধা থেকে সি-গাল হয়ে উত্তর দিকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় কয়েকটি গুপ্তখালের সৃষ্টি হয়েছে। গুপ্তখাল এলাকায় গোসলে নামতে নিষেধ করে একাধিক লাল নিশানাও টাঙানো হয়েছিল।
তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে দলের পাঁচজন সি-গাল পয়েন্টে গোসলে নামেন। একপর্যায়ে বড় ঢেউয়ের ধাক্কায় ইয়াসিন ও ইব্রাহিম পানিতে ডুবে নিখোঁজ হন। পরে লাইফগার্ড সদস্যরা দ্রুত সাগরে তল্লাশি চালিয়ে ইয়াসিনকে উদ্ধার করেন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইমতিয়াজ আহমেদ জানান, বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ ইব্রাহিমের সন্ধান পাওয়া যায়নি। সাগর প্রচণ্ড উত্তাল থাকলেও তাঁর সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ পর্যটকের সন্ধানে তল্লাশি চলছে। তবে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিহত ইয়াসিনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শু/আজা