‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) জামালপুর জিলা স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমীন, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. মুবাসিরা হক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একই অধিদপ্তরের হিসাবরক্ষক জাহাঙ্গির কবির বাবু।
বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং সংক্রামক রোগের ঝুঁকি কমাতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে ভালোভাবে হাত ধুতে হবে। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার কমাতে সহায়তা করে।
তাঁরা আরও বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পরিবার ও সমাজে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এ অভ্যাস ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি তুলে ধরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে হাত ধোয়ার প্রয়োজনীয়তা এবং রোগজীবাণুর সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখার উপায় সম্পর্কে সচেতন করা হয়।
জামালপুর, বিশ্ব হাত ধোয়া দিবস, জনস্বাস্থ্য, হাত ধোয়া, স্বাস্থ্য সচেতনতা,