জয় থেকে ড্র, ড্র থেকে হারের শঙ্কা—শেষ মুহূর্তে আবার সমতা। নাটকীয়তায় ঠাসা ম্যাচে শেষ পর্যন্ত হার এড়িয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এফসি সিনসিনাতির বিপক্ষে এক গোলে এগিয়ে থেকেও শেষ ১০ মিনিটে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে দলটি। তবে ৯০ মিনিটে রিকুয়েলমে ফিলিপ্পির গোলে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা।
বুধবার রাতে মায়ামির মাঠে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৬১ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। কিন্তু ম্যাচের শেষ ভাগে দৃশ্যপট দ্রুত বদলে যায়। ৮০ মিনিটে কেনজি এমবোমা ডেমের গোলে সমতায় ফেরে সিনসিনাতি। ছয় মিনিট পর স্যামুয়েল গিডির গোলে এগিয়েও যায় সফরকারীরা।
ম্যাচের তখন আর মাত্র কয়েক মিনিট বাকি। মনে হচ্ছিল, ঘরের মাঠে আরেকটি পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে মায়ামি। কিন্তু শেষ মুহূর্তে দলের ত্রাতা হয়ে ওঠেন রিকুয়েলমে ফিলিপ্পি। ৯০ মিনিটে তাঁর গোলে সমতা ফেরে ম্যাচে। মেজর লিগ সকারে (এমএলএস) নিজের প্রথম গোল করেই দলকে অন্তত এক পয়েন্ট এনে দেন এই তরুণ ফুটবলার।
সিনসিনাতির বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন মেসি। তবে আর্জেন্টাইন মহাতারকা গোল কিংবা অ্যাসিস্ট—কোনোটিরই দেখা পাননি। এর আগে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল মায়ামি। সিনসিনাতির বিপক্ষে শেষ মুহূর্তে ড্র করলেও টানা দ্বিতীয় ম্যাচে জয়হীন থাকতে হলো দলটিকে।
এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানগুলোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেল মায়ামি। ৩২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে দলটি। ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ ইংল্যান্ড রেভল্যুশন। দুই দলেরই নিয়মিত মৌসুমে বাকি রয়েছে দুটি করে ম্যাচ।
পরবর্তী ম্যাচে নিউ ইংল্যান্ডের মাঠে মুখোমুখি হবে মায়ামি। তাই সিনসিনাতির বিপক্ষে শেষ মুহূর্তে পাওয়া এক পয়েন্ট কিছুটা স্বস্তি দিলেও সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। দ্বিতীয় স্থান অর্জনের লড়াইয়ে টিকে থাকতে হলে শেষ দুই ম্যাচে পয়েন্ট হারানোর সুযোগ কম মেসিদের।