জাতীয় সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার প্রথম দিনেই সুইমিংপুলে রেকর্ডের ঝড় তুলেছেন কাজল মিয়া, সামিউল ইসলাম রাফি ও ইরফানা খাতুন। নিজেদের ইভেন্টে জাতীয় রেকর্ড গড়ে সেরা হয়েছেন তাঁরা। সব মিলিয়ে প্রতিযোগিতার প্রথম দিনে হয়েছে ছয়টি জাতীয় রেকর্ড। দিন শেষে ৯টি সোনা, ৪টি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে প্রতিযোগিতা। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশসহ ৭৯টি দলের প্রায় ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু এবারের আসরে অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতার প্রথম ইভেন্টেই রেকর্ড গড়েন নৌবাহিনীর সাঁতারু কাজল মিয়া। পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৫৪ দশমিক ৫৫ সেকেন্ড। এর মধ্য দিয়ে গত বছর নিজের গড়া ১ মিনিট ৫৫ দশমিক ০৬ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন কাজল।
পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকেও নতুন জাতীয় রেকর্ড হয়েছে। নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি এবার সাঁতরেছেন ২৫ দশমিক ৮১ সেকেন্ডে। গত বছর তাঁর গড়া রেকর্ড ছিল ২৬ দশমিক ০৫ সেকেন্ড। নিজের রেকর্ড নিজেই ভেঙে নতুন কীর্তি গড়েছেন এই সাঁতারু।
নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইরফানা খাতুন। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ১৭ দশমিক ৩৬ সেকেন্ড। এর মধ্য দিয়ে ২০২৪ সালে রোমানা আক্তারের গড়া ১ মিনিট ১৮ দশমিক ২৭ সেকেন্ডের রেকর্ডটি নিজের করে নিয়েছেন ইরফানা।
ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি রিলেতেও রেকর্ডের দেখা মিলেছে। পুরুষদের রিলেতে নৌবাহিনীর রাফি, মোহাম্মদ ইসলাম, আসিফ রেজা ও কাজল মিয়া মিলে সময় করেছেন ৩ মিনিট ৩০ দশমিক ৩৭ সেকেন্ড। তাঁদের এই পারফরম্যান্সে ভেঙেছে গত বছর নৌবাহিনীরই গড়া ৩ মিনিট ৩২ দশমিক ১৮ সেকেন্ডের রেকর্ড।
নারীদের রিলেতেও নিজেদের রেকর্ড ভেঙেছে নৌবাহিনী। ফাতিহা মাহতাব মাইশা, পলি খাতুন, মুক্ত খাতুন ও সোনিয়া আক্তারকে নিয়ে গড়া দলটি সময় করেছে ৪ মিনিট ২৪ দশমিক ২০ সেকেন্ড। আগের রেকর্ডটি ছিল ৪ মিনিট ২৫ দশমিক ৫৫ সেকেন্ড, সেটিও নৌবাহিনীর দখলে ছিল।
সাঁতারের পাশাপাশি ডাইভিংয়েও এসেছে নতুন রেকর্ড। এক মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে নৌবাহিনীর অর্পা দাস নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।
প্রথম দিনের পদক তালিকায় নৌবাহিনীর পরেই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের সংগ্রহ ৩টি সোনা, ৭টি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ ১৫টি পদক। শুরুতেই একাধিক রেকর্ড ও পদক জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে নৌবাহিনী।