সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার রাত সোয়া ৯টার দিকে তাঁকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাঁকে নিয়মিত থেরাপি নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে।
মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বুধবার সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও সংগঠনের নেতা-কর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে সেখানে জড়ো হন। তিনি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। দীর্ঘদিন পর প্রিয় নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নেতা-কর্মীরা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা আব্বাস দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দেশে ফেরায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে তাঁরা আশা করছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা ইমাম শরিফ বাবু বলেন, ‘মির্জা আব্বাস আমাদের অনুভূতির নাম। দলের দুঃসময়ে তিনি ছিলেন অন্যতম কান্ডারি। দীর্ঘদিন পর চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন। তাঁকে স্বাগত জানাতেই আমরা এখানে এসেছি।’
তুরাগ থানা যুবদলের নেতা মামুন বলেন, মির্জা আব্বাস বিএনপির একজন প্রবীণ ও জনপ্রিয় নেতা। তাঁকে স্বাগত জানাতে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তাঁর দেশে ফেরায় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৫ মার্চ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর তাঁকে আরও চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসন শেষে বুধবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।